জনপদ

উন্নত জাতি গঠনে সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: ব্যারিস্টার কায়সার কামাল

উন্নত জাতি গঠনে সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: ব্যারিস্টার কায়সার কামাল

ছবি: সংগৃহীত

শিক্ষিত ও উন্নত জাতি গঠনে শিশুদের সঠিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেছেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের সুস্বাস্থ্য, নিরাপদ বেড়ে ওঠা ও মানসম্মত শিক্ষার ওপর। কোনো শিশু যেন উন্নয়নের মূলধারা থেকে ছিটকে না পড়ে, সেদিকে সবাইকে বিশেষ নজর রাখতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ময়মনসিংহ ক্লাস্টার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘অবহেলিত শিশুর সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ’ প্রতিপাদ্যে ১৬টি এলডিসি শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। বিরিশিরি এলডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিরিশিরি বিডি-৪০২ প্রকল্পের সেন্টার কমিটির সভাপতি রেভারেন্ড স্টিফেন আশীষ রেমা।

ডেপুটি স্পিকার বলেন, এ অঞ্চলের শিশুদের সম্ভাবনা বিকাশে পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নৈতিকতা ও সামাজিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে স্টিফেন আশীষ রেমা বলেন, প্রতিটি শিশু অপার সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে। তাদের জন্য নিরাপদ, স্নেহশীল ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। সবার সম্মিলিত সহযোগিতা পেলে অবহেলিত শিশুদের জীবনমান উন্নয়নের কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিছাম, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

পরে ডেপুটি স্পিকার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত আর্থিক সহায়তা ও বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের এককালীন আর্থিক অনুদান দেন তিনি। পাশাপাশি হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন ডেপুটি স্পিকার।

বিষয়:কায়সার কামাল জাতি গঠন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…