শনিবারে ঢাকায় কোথায় কী?

সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৪ নভেম্বর) ঢাকায় থাকছে নানা ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন। সংগীতপ্রেমীদের জন্য থাকছে দুই গীতিকারের পরিবেশনায় বিশেষ সংগীতসন্ধ্যা। পাশাপাশি রয়েছে স্ট্যান্ডআপ কমেডি, বোর্ড গেম, ফিজিক্যাল থিয়েটার, ভৌতিক অভিজ্ঞতা এবং চর্যাপদ পুনর্জাগরণ উৎসব। এক নজরে দেখে নেওয়া যাক শনিবারের উল্লেখযোগ্য আয়োজনগুলো-
১. সেন্স ইট সেশনস
মৌলিক গান ও আবেগঘন পরিবেশনার মধ্য দিয়ে দর্শকদের জন্য এক ঘনিষ্ঠ সংগীতসন্ধ্যার আয়োজন করেছে ‘সেন্স ইট সেশনস’। এতে অংশ নেবেন দুই গীতিকার ও সংগীতশিল্পী আসির আরমান এবং রোদশী। তাদের গান ও গানের পেছনের গল্প নিয়ে সাজানো হবে এই আয়োজন।
তারিখ: ১৪ নভেম্বর, শনিবার
সময়: রাত ৮টা
স্থান: বাটারনোট—এ জ্যাজ ক্যাফে, বনানী
টিকিট: ৭০০ টাকা।
২. রিপল ইফেক্ট
হাসি আর মজার কথায় জমে উঠবে ‘রিপল ইফেক্ট’ নামের স্ট্যান্ডআপ কমেডি আয়োজন। তীক্ষ্ণ রসবোধ, একের পর এক হাসির সংলাপ এবং প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের আনন্দ দেওয়ার জন্য মঞ্চে থাকবেন বিপ্র, ওমুর ও জারিফ।
তারিখ: ১৪ নভেম্বর, শনিবার
সময়: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা
স্থান: ঝিল মায়েস্ত্রিয়া, রাজউক হাতিরঝিল ভবন, গুলশান-১
টিকিট: ৪০০–৬০০ টাকা।
৩. বোর্ড টু ডেথ
মুঠোফোন ও ডিজিটাল পর্দার বাইরে মানুষের সঙ্গে সরাসরি সময় কাটানোর সুযোগ করে দিতে থাকছে ‘বোর্ড টু ডেথ’। এটি একটি সামাজিক বোর্ড গেম আয়োজন। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ইন্টার্যাকটিভ গেম, খাবার এবং অর্থবহ আলাপচারিতার মধ্য দিয়ে আনন্দময় সময় কাটাতে পারবেন। নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং বন্ধুত্ব গড়ে তোলারও সুযোগ থাকছে।
তারিখ: ১৪ নভেম্বর, শনিবার
সময়: বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
স্থান: তুর্কিশ বাজার, বনানী
টিকিট: ৩০০ টাকা।
৪. পার্ট—আ মোমেন্ট অব রিমেমোরি
শৈশবের স্মৃতি, কল্পনা ও অনুভূতিকে কেন্দ্র করে সাজানো হয়েছে সমসাময়িক ফিজিক্যাল থিয়েটার প্রযোজনা ‘পার্ট—আ মোমেন্ট অব রিমেমোরি’। শরীরী অভিব্যক্তি, নড়াচড়া ও গল্প বলার মধ্য দিয়ে দর্শকদের সামনে তুলে ধরা হবে শৈশবের নানা স্মৃতি ও কল্পনার জগৎ।
তারিখ: ১৪ নভেম্বর, শনিবার
সময়: রাত ৮টা
স্থান: গ্যালারি, যাত্রা বিরতি, বনানী
টিকিট: ৩০০ টাকা।
৫. লৌকিক অলৌকিক
বাংলার লোককথা ও ভৌতিক উপাখ্যানের অনুপ্রেরণায় আয়োজন করা হয়েছে ‘লৌকিক অলৌকিক’। এতে থাকছে ভৌতিক বাড়ির অভিজ্ঞতা, গল্প বলা, থিয়েটার এবং অংশগ্রহণমূলক নানা কার্যক্রম। ভৌতিক পরিবেশ ও লোকজ কল্পনার মিশেলে দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে এক ভিন্নধর্মী আয়োজন।
তারিখ: ১৪ নভেম্বর, শনিবার
সময়: বিকেল ৫টা থেকে রাত ১১টা
স্থান: ওরহাশি, বনানী
টিকিট: ৫০০ টাকা।
৬. চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬
‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬’। ১৪ ও ১৫ নভেম্বর আয়োজিত এই উৎসবের প্রথম দিন শনিবার থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা ও চর্যাসংগীত পরিবেশনা।
বাংলার প্রাচীন সাহিত্য ও সংগীতের ঐতিহ্যকে নতুন করে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।
তারিখ: ১৪ ও ১৫ নভেম্বর
প্রথম দিনের আয়োজন: উদ্বোধন, আলোচনা ও চর্যাসংগীত
সময়: সকাল ৯টা
স্থান: কবি আল মাহমুদ লেখক কর্নার, বাংলা একাডেমি, ঢাকা।
গান, হাসি, নাট্য পরিবেশনা কিংবা বাংলার প্রাচীন ঐতিহ্য—সব মিলিয়ে শনিবার ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে থাকছে নানা স্বাদের আয়োজন। নিজের পছন্দ অনুযায়ী যেকোনো অনুষ্ঠান বেছে নিয়ে ছুটির দিনটি উপভোগ করতে পারেন দর্শক-শ্রোতারা।






