শিক্ষা

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাশ চলবে

খোলা থাকবে হলের ডাইনিং

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাশ চলবে

ছবি : সংগৃহীত।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সশরীরে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হলের ডাইনিং খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে প্রশাসনিক কার্যক্রম চালু রাখার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ঘোষণার পর ২০ নভেম্বর থেকে শিক্ষার্থীরা আবাসিক হল ছাড়তে শুরু করে। ২২ নভেম্বরের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী হল ত্যাগ করে।

এদিকে কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা, আন্দোলন ও সহিংস ঘটনায় স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হচ্ছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয়:অনলাইনে পাঠদান গোপালগঞ্জ ‎গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ রাজনৈতিক উত্তেজনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…