ফুটবল

চোটের খবরাখবর নিজেই জানালেন মেসি

মেসি মাঠে ব্যথা অনুভব করে হাত দিয়ে নিজের পা ধরছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন ফুটবলার মেসি মাঠে ব্যথা অনুভব করে নিজের পা ধরছেন, ম্যাচ চলাকালীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পরের মৌসুম থেকে লিওনেল মেসিকে প্রায়ই দেখা যাচ্ছে চোটে পড়তে। চলতি কোপা আমেরিকায়ও ভুগছেন চোটজনিত সমস্যায়। ধীরে ধীরে বয়সের ছাপ পড়তে শুরু করেছে কিংবদন্তির খেলায়! ফাইনালের আগে নিজের চোট নিয়েও জানাতে হয়েছে ৩৭ বর্ষী মহাতারকাকে।

চিলির বিপক্ষে পাওয়া চোট মেসিকে ভালোই ভুগিয়েছে। শেষ আটে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারের পেনাল্টি মিস করেছেন। সেই প্রসঙ্গ বাদ দিলেও ম্যাচজুড়ে তাকে দেখা যায়নি স্বরূপে।

শিরোপা নির্ধারণী ম্যাচের আগে মেসি বললেন, ‘কানাডার বিপক্ষে আমি ভালো অনুভব করেছি। চিলির বিপক্ষে অ্যাডাক্টর সমস্যায় ভুগেছি, স্বচ্ছন্দে খেলতে পারিনি। গতি কমে গিয়েছিল। দাঁড়াতে ও চলতে সমস্যা হয়েছে। ইকুয়েডরের বিপক্ষে সময়মতো ফিট হয়ে গিয়েছিলাম, চোটের সমস্যা ছিল না। তবে কোনো একটা সমস্যা হচ্ছে যেটি হয়ত এখনই বোঝা যাচ্ছে না এবং মাথায় বেশি ঘুরছিল।’

সেই চোট যে খুব বেশি গুরুতর নয় সেটাও বোঝা গেল মেসির কথায়। মানসিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন জানালেন, ‘আমি ভয় কাটিয়ে ফেলেছি। ফাইনালের জন্য এখন আরও ভালো অনুভব করছি। গত ম্যাচ থেকেই অনুভূতি ভালো। আশা করি ফাইনালে তেমনটা বজায় থাকবে।’

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচ।

বিষয়:আর্জেন্টিনা কলম্বিয়া কোপা আমেরিকা ২০২৪ মেসি যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…