আহসানের ১৩৩ বলে ১৫২*, তিনশো পেরিয়ে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৩০৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। আহসান আল মুমিনের দেড়শো রানে তিনশ পেরোনো সংগ্রহ গড়ে জুনিয়র টাইগার দল। আসরের প্রতিটি ম্যাচ সরাসরি দেখাচ্ছে আইস্ক্রিন।
সোমবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান করে ফরিদ হাসানের দল।
প্রথমে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৮ রানে ৫ বলে ৮ রানে আউট হন জারিফ সিয়াম। দলীয় ৩৩ ও ৪১ রানে আব্দুল্লাহ আল মুহি (২২) এবং আল-আমিন হোসেন রনির (৬) উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
চতুর্থ উইকেটে ফরিদ হাসানের সাথে ৪২ রানের জুটি গড়েন আহসান আল মুমিন। দলীয় ৭৯ রানে ২৪ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক ফরিদ।
সপ্তম উইকেটে রবিউল হাসান অনিকের সাথে আরও ৭৯ রানের জুটি গড়েন মুমিন। দলীয় ২২৩ রানে ৪৮ বলে ৪৫ রানে আউট হন অনিক।
অন্যপ্রান্ত আগলে রেখে শতক তুলে নেন মুমিন। দলের হয়ে সর্বোচ্চ ১৩৩ বলে ১৫২ রান করে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ১০ চার এবং ৬ ছক্কা।
মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সাথনাকুমারান, সাহির আশরাফ, ওলগা গুনাওয়ান ২টি করে উইকেট নেন। আরিয়ান ইস্কান্দার, মুহাম্মদ নূরহানি ১টি করে উইকেট নেন।






