বাটলারের জায়গায় মেয়েদের আপদকালীন কোচ এরিক মেয়ার

ক্যান্সার আক্রান্ত কোচ পিটার বাটলারের জায়গায় একমাসের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেয়া হয়েছে ফরাসী এরিক মেয়ারকে।
সোমবার দুপুরে বাফুফে সামাজিক যোগাযোগ মাধ্যামে নতুন কোচের নাম জানিয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের ক্যান্সারের খবর সামনে আসে রোববার। গণমাধ্যমে বাটলার খবরটি নিশ্চিত করেছেন।
গত অক্টোবরের শেষদিকে হঠাৎ অসুস্থ হন বাটলার। ছুটি নিয়ে ইংল্যান্ডে ফিরে যান অভিজ্ঞ কোচ। এরপর থেকে তার শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি হয়নি।
বাটলার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে বলেছেন, ‘এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। তবে আমার ক্যান্সার ধরা পড়েছে। আমি একজন লড়াকু মানুষ, এর শেষ দেখে ছাড়ব।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে খবর, বাটলারের লিভারে টিউমার ধরা পড়েছে। ডাক্তারের পরামর্শে তিনি নিজ দেশ ইংল্যান্ডে চিকিৎসা করাতে গেছেন।
আসছে ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। গত ৩০ অক্টোবর থেকে সহকারী কোচ আবুল হোসেনের অধীনে চট্টগ্রামের কেইপিজেড মাঠে নিবিড় আবাসিক ক্যাম্প করছে মেয়েদের দল।
বাটলার ২০২৩ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে যুক্ত হন। বাফুফের এলিট একাডেমির দায়িত্ব দিয়ে কাজ শুরু করেন। ২০২৪ সালের মার্চে মেয়েদের জাতীয় দলের দায়িত্ব পান। সেবছর বাংলাদেশ টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে।






