অন্যান্য খেলা

৯১ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়ে চলেছেন এই অ্যাথলেট

৯১ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়ে চলেছেন এই অ্যাথলেট

৯১ বছর বয়সেও বিশ্বরেকর্ড গড়ে চলেছেন অ্যাথলেট ফ্লোরেন্স মেইলার। ৩১ বছর আগে, ৬০ বছর বয়সে তার ট্র্যাক-অ্যান্ড-ফিল্ড ক্যারিয়ারের শুরু। যুক্তরাষ্ট্রের ভারমন্টের বাসিন্দা এখনও দৌড়ানোর জুতো পরে মাঠে নামেন, হাতে তুলে নেন পোল ভল্টের খুঁটি। তারচেয়ে কয়েক দশকের ছোট প্রতিযোগীদের অবাক করে দেন ট্র্যাকে।

ফ্লোরেন্স এবং তার বন্ধু জর্ডান ২০ বছর ধরে একসঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং ট্র্যাক-অ্যান্ড-ফিল্ড ইভেন্টে বিশ্বরেকর্ড গড়েছেন। জর্ডানই তাকে খেলায় নিয়ে এসেছিলেন, কিন্তু ক্যান্সার আক্রান্ত হওয়ার পর জর্ডান আর কোন ইভেন্টে অংশ নিতে পারেননি। ২০২০ সালে ৮৫ বছর বয়সে তিনি মারা যান। তবে ফ্লোরেন্স ভালো লাগার কাজ চালিয়ে যাচ্ছেন।

ফ্লোরেন্স বলেছেন, ‘তাকে (জর্ডান) খুব মিস করি। আগের মতো লাফাতে পারি না বলে কিছুটা খারাপ লাগে, তবে এই খেলাটি দারুণ উপভোগ করি। অনেক অ্যাথলেট আমার কাছে এসে যখন বলে, আমার জন্য কত বড় অনুপ্রেরণা, তখন আমার হৃদয় ভরে ওঠে। এটি সত্যিই এক চমৎকার অনুভূতি।’

৬০ বছর বয়স হওয়ার আগে ফ্লোরেন্স কখনোই ট্র্যাক-অ্যান্ড-ফিল্ডের মাঠে পা রাখেননি। তবে তার আগেও একটি কর্মব্যস্ত জীবনযাপন করতেন। ট্র্যাক-অ্যান্ড-ফিল্ডে ফ্লোরেন্স ৯০ থেকে ৯৪ বছর বয়সী অ্যাথলেটদের বিভাগে নিয়মিত বিভিন্ন কঠিন ইভেন্টে অংশ নেন এবং বিশ্বরেকর্ড গড়েন। এরমধ্যে রয়েছে পোল ভল্ট, হাই জাম্প, ট্রিপল জাম্প, ৮০ মিটার হার্ডলস এবং পেন্টাথলনের মতো একাধিক ইভেন্ট।

ফ্লোরেন্স সপ্তাহে বেশ কয়েকদিন অনুশীলন করেন। ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করেন কৌশল উন্নত করতে, সতর্কতার সঙ্গে শরীর গঠন করতে এবং শরীরকে খেলার উপযোগী করে গড়ে তুলতে। ছোটখাটো আঘাত বা বিপত্তি সত্ত্বেও প্রতিযোগিতামূলক মানসিকতা ফ্লোরেন্সকে বারবার ট্র্যাকে ফিরিয়ে আনছে।

বিষয়:অ্যাথলেট ফ্লোরেন্স মেইলার বিশ্ব রেকর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…