ডিক্যাপ্রিও, টিমোথি-টম হ্যাঙ্কসদের সাথে হৃতিক
ল্যাকমা গালায় প্রথম ভারতীয় অভিনেতা হৃতিক

আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার নিজের উপস্থিতির জানান দিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ল্যাকমা আর্ট+ফিল্ম গালা’র ১৫তম আসরে অংশ নিয়ে নতুন ইতিহাস গড়েছেন তিনি। এই আয়োজনে অংশ নেওয়া প্রথম মূলধারার ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন হৃতিক।
গত ৭ নভেম্বর অনুষ্ঠিত এই তারকাখচিত আয়োজনে হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, টিমোথি শ্যালামে, নিকোল কিডম্যান, টম হ্যাঙ্কস ও অ্যান্ড্রু গারফিল্ডসহ বিনোদনজগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আনিয়া টেলর-জয়, মনিকা বারবারো, অ্যাশলে পার্ক, জেসিকা উইলিয়ামস, কাইলি জেনার ও কিম কার্দাশিয়ানকেও দেখা যায় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে ইতালীয় বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ব্রুনলো কুচিনেলির বিশেষভাবে তৈরি টাক্সেডো পরে হাজির হন হৃতিক। তার উপস্থিতি আন্তর্জাতিক বিনোদন ও ফ্যাশন অঙ্গনে ভারতীয় প্রতিনিধিত্বের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করছে।
এবারের ল্যাকমা আর্ট+ফিল্ম গালায় চলচ্চিত্র নির্মাতা ডেনিস ভিলেন্যুভ এবং শিল্পী ভিজা সেলমিন্সকে সম্মাননা জানানো হয়। চলচ্চিত্র নির্মাণ ও শিল্পকলায় তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানটির সহসভাপতির দায়িত্ব পালন করেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং উদ্যোক্তা ইভা চৌ। অন্যদিকে, ভারতীয় বংশোদ্ভূত প্রযোজক ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট কবিতা গুপ্তা অনুষ্ঠানে হৃতিককে আতিথ্য দেন।
শিল্পকলা, চলচ্চিত্র, ফ্যাশন ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানোই ল্যাকমা আর্ট+ফিল্ম গালার মূল উদ্দেশ্য। প্রতিবছর এই আয়োজনে আন্তর্জাতিক এই অঙ্গনের প্রভাবশালী শিল্পী, অভিনেতা, নির্মাতা ও উদ্যোক্তারা অংশ নেন। হিন্দুস্তান টাইমস






