দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: টুকু

দেশে মাংসের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এজন্য খামারিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী পর্বে তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৪ লাখ মানুষ জড়িত। প্রাণিসম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের ফলে প্রান্তিক, পাহাড়ি ও চরাঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। খামারিদের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় প্রণোদনা ও সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের সক্ষমতা আরও বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির পথ তৈরি করা হবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালিটি শুরু হয়। পরে সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে আরও অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আব্দুর রহিমসহ সংগঠনটির সদস্যরা।





