বাংলাদেশ

পলাতক আওয়ামী লীগ আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতক আওয়ামী লীগ আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পলাতক আওয়ামী লীগ দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পলাতক নেতারা বুঝে কিংবা না বুঝে বিভিন্ন প্রতারণা ও ফাঁদে পা দিতে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের প্ররোচিত করছেন।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে সামাজিকভাবে ও অঘোষিতভাবে একধরনের পুনর্মিলনের (রিকনসিলিয়েশনের) পরিস্থিতিতে পৌঁছেছিলেন, সেখানে পলাতক নেতাদের কর্মকাণ্ড তাদের আবারও বিপদের মুখে ফেলছে।

এই বিষয়ে দেশের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উত্তেজিত না করতে পলাতক নেতাদের প্রতি আহ্বান জানান। প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সরকার কূটনৈতিকভাবে মোকাবেলা করছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি কোনো বাধা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আইনি বাধার নয়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাওয়া হয়েছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় উভয় দেশ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আসামি ফেরত চাইতে পারে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া। বাংলাদেশও অন্যান্য দেশের অনুরোধে আসামি প্রত্যর্পণ করে।

অন্যদিকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনার পরিকল্পনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দলের সঙ্গে আলোচনা ও বৈঠকের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

অন্যান্য দলের সঙ্গেও জোটগতভাবে আলোচনার বিষয়ে পরিকল্পনা রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিষয়:আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…