আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল, সেভাবেই আবার ফিরে আসার চেষ্টা করছে। তবে তাদের এসব কর্মকাণ্ডকে কোনোভাবেই রাজনীতি বলা যায় না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে এক মতবিনিময় সভায় আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ রাজনীতি শুরু করেনি, কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। এটাকে কোনোভাবেই রাজনীতি নাম দিতে চাই না। আওয়ামী লীগ যেভাবে গিয়েছিল, সেভাবেই ফেরত আসার চেষ্টা করছে। সুতরাং এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই না।
ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী দেশটির পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। তিনি বলেন, ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক ভালো নয়। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন রয়েছে। এর প্রভাব এখন বাংলাদেশের সঙ্গেও পড়ছে।
তিনি আরও বলেন, ভারতের এই দুর্বিষহ পররাষ্ট্রনীতির প্রভাব এখন বাংলাদেশের ওপরও পড়ছে। অন্যথায়, আমরা ভারতের পাশে আছি। কিন্তু ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টি করা এবং দেশটির গণমাধ্যমের পক্ষ থেকে এসব কর্মকাণ্ডকে সমর্থন দেওয়া তাদের দুর্বিষহ পররাষ্ট্রনীতিরই বহিঃপ্রকাশ।
এসময় ভারতে অবস্থানরত সাবেক কোনো ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, প্রচলিত আইন অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। দেশে ফিরলে তার বিচার হবে। প্রচলিত আইনেই উনি আসবেন। যদি আসেন, উনার বিচার হবে। আমরা যেভাবে চাচ্ছি, যে বন্দীবিনিময় চুক্তি আছে, সেভাবে আমরা আনার চেষ্টা করে যাচ্ছি।
মতবিনিময় সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী।






