পরিবেশ

জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার দেবে সিআইএফ

জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার দেবে সিআইএফ

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বাড়াতে ৩ কোটি মার্কিন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)। এ অর্থ ছাড়ের প্রক্রিয়া, অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নির্বাচন ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার তুরস্কের আনতালিয়ায় কপ সম্মেলনস্থলে সিআইএফের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেগেসিন এবং অংশীদারত্ব-অংশীজন সম্পৃক্ততা বিভাগের প্রধান জ্যাকব থপিল উপস্থিত ছিলেন।

বৈঠকে সিআইএফের অ্যারাইজ (ARISE) কর্মসূচির আওতায় ঘোষিত অর্থায়ন ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংস্থার কর্মকর্তারা জানান, জলবায়ু ঝুঁকিকে বিনিয়োগের সুযোগে রূপান্তর এবং জলবায়ুজনিত আর্থিক অভিঘাত থেকে অর্থনীতিকে সুরক্ষা দেয়াই কর্মসূচির লক্ষ্য। কৃষি, পানি, জ্বালানি, পরিবহন ও শিল্পখাতে এ অর্থায়ন কাজে লাগানো যাবে। অনুদান, স্বল্পসুদের ঋণ, ইকুইটি বিনিয়োগ ও গ্যারান্টিসহ বিভিন্ন আর্থিক উপকরণ ব্যবহারের সুযোগ রয়েছে।

সিআইএফের পক্ষে জানানো হয়, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ও জলবায়ু ঝুঁকিপূর্ণ খাতের চাহিদা বিবেচনায় একটি দেশীয় নেতৃত্বাধীন বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় পরিকল্পনাটি প্রণয়ন করা হবে।

বৈঠকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। জানান, লবণাক্ততার কারণে উপকূলীয় এলাকায় ১০ থেকে ১৫ বছর আগে নির্মিত অনেক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি নিরাপদ পানীয় জলের সংকটও স্থানীয় জনগোষ্ঠীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

তিনি আশ্রয়কেন্দ্রগুলোকে বহুমুখী ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার উপর গুরুত্ব দেন। এসব স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বনায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। কর্মসূচিতে মোট বৃক্ষরোপণের ৩৫ থেকে ৪০ শতাংশ ম্যানগ্রোভ প্রজাতির গাছ রাখার পরিকল্পনা রয়েছে।

এছাড়া বাংলাদেশের পাইলট প্রোগ্রাম ফর ক্লাইমেট রেজিলিয়েন্স (পিপিসিআর) কর্মসূচির অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এ কর্মসূচির বিনিয়োগ পরিকল্পনার সমাপনী কার্যক্রম মূল্যায়নে সিআইএফের একটি প্রতিনিধিদল ২০২৭ সালের জানুয়ারিতে ঢাকা সফর করবে।

আগামী বছরের এপ্রিলে, সম্ভাব্য ২৪ এপ্রিল বাংলাদেশে সিআইএফের গভর্ন্যান্স সভা আয়োজনের বিষয়েও সম্মতি জানিয়েছে সরকার। এতে সংস্থাটির বোর্ড সদস্য, পর্যবেক্ষক ও উন্নয়ন ব্যাংকগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।

বৈঠকে বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বাড়ানো, কার্যকর অর্থায়ন নিশ্চিত করা এবং অগ্রাধিকারভিত্তিক প্রকল্প বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বিষয়:এশীয় উন্নয়ন ব্যাংক কপ সম্মেলন জলবায়ু পরিবর্তন জলবায়ু সহনশীলতা পাইলট প্রোগ্রাম ফর ক্লাইমেট রেজিলিয়েন্স (পিপিসিআর) কর্মসূচি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…