গাজীপুরে ১৩ কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিল পুলিশ

ছবি: সংগৃহীত
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজকের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সকাল নয়টার দিকে কালিয়াকৈরের মৌচাক শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে হাইড্রো অক্সাইড লিমিটেড কারখানার সামনে অবস্থান নেন। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। অন্যদিকে পল্লীবিদ্যুৎ এলাকায়ও শত শত শ্রমিক মহাসড়কে আসার চেষ্টা করলে পুলিশ ও বিজিবির বাধায় তারা সড়কে উঠতে পারেননি।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা সকালে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা তা পারেননি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
এদিকে শনিবার রাতে গাজীপুরের অন্তত ১৫টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার তথ্য জানানো হয়েছে। আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আমজাদ হোসেন।






