শিক্ষা

এইচএসসির পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল

এইচএসসির পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল

ছবি: সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩৩ হাজার ৩৪৯টি উত্তরপত্রের ফল পরিবর্তন হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর একযোগে এ ফল প্রকাশ করে দেশের ১১টি শিক্ষা বোর্ড।

পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফলে নতুন করে কতজন অকৃতকার্য শিক্ষার্থী পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা বোর্ডভিত্তিক বিস্তারিত ফলাফল থেকে জানা যাবে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়ন পদ্ধতি চালু করা হয়েছে। ফলে এবার শুধু নম্বর যোগ-বিয়োগ বা গণনার ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন প্রক্রিয়াও নতুন করে যাচাই ও পর্যালোচনার সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা।

গত ৩১ অক্টোবর ২০২৬ মূল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। মূল ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত চলে। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্যমতে, সারাদেশের ১১টি বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে।

ঢাকা বোর্ডে ৫ হাজার ৮৫৩ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন এবং কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

এ ছাড়া বরিশালে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৮ জন, চট্টগ্রামে ২ হাজার ৪৩ জন, যশোরে ১ হাজার ৯০৯ জন, সিলেটে ১ হাজার ৩৫৩ জন, মাদরাসা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং রাজশাহীতে ৭৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারছেন। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।

পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলাফল স্ব-স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং https://eduboardresults.gov.bd/ থেকে প্রকাশিত হবে। এছাড়া আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে।

স্ব-স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং https://eduboardresults.gov.bd/ থেকে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

গত ৩১ অক্টোবর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এবছর সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

বিষয়:১১টি শিক্ষা বোর্ড এইচএসসি পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণ পরিবর্তন প্রকাশ ফল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…