আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন

ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে দেশের সব সক্রিয় রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বৈঠকের আলোচনার বিষয়ে মাহদী আমিন বলেন, ‘আজকের খোলামেলা আলোচনায় জাতীয় স্বার্থে ও দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে।’
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, পতিত স্বৈরাচারের যে অপশক্তি দেশের বাইরে অবস্থান করছে, তারা যেন বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে না পারে। পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।’
বৈঠকের উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আজকের এই মতবিনিময়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই এবং আপনাদের সবার কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই যে, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে মত-পথ ও আদর্শ-দর্শনের ঊর্ধ্বে উঠে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে।’
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলেও জানান মাহদী আমিন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে বিএনপি যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়ন করবে।





