জেমস বন্ডের ২৫ সিনেমার র্যাঙ্কিং: সেরার শীর্ষে ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’

জেমস বন্ড সিরিজের নতুন সিনেমায় রবার্ট প্যাটিনসনের অভিনয়ের খবর সামনে আসার পর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির পুরনো সিনেমাগুলো নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। ড্যানিয়েল ক্রেগের বিদায়ের প্রায় পাঁচ বছর পর নতুন বন্ডকে ঘিরে দর্শকদের আগ্রহের মধ্যেই সিরিজের ২৫টি সিনেমার সেরা ও দুর্বল ছবির তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।
তালিকায় প্রথম স্থানে রয়েছে শন কনারি অভিনীত ১৯৬৩ সালের সিনেমা ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’। অন্যদিকে, সবচেয়ে নিচে জায়গা পেয়েছে ২০০২ সালে মুক্তি পাওয়া ‘ডাই অ্যানাদার ডে’। তালিকায় বন্ড চরিত্রে অভিনয় করা বিভিন্ন অভিনেতার সিনেমাগুলোর গল্প, নির্মাণ, অভিনয়, অ্যাকশন ও উপস্থাপনার নানা দিক বিবেচনা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন অভিনেতা বন্ডের দায়িত্ব নেওয়ার পর সাধারণত শুরুর সিনেমাগুলো বেশ শক্তিশালী হয়। তবে সময়ের সঙ্গে গল্প ও উপস্থাপনায় পুনরাবৃত্তি দেখা দেয়। একপর্যায়ে সিনেমাগুলো নিজেদেরই অনুকরণে পরিণত হয়। বড় বাজেট কিংবা অতিরিক্ত হাস্যরসও সব সময় সিনেমার মান বাড়াতে পারে না।
তালিকার শেষ থেকে শুরু
২৫তম স্থানে রয়েছে পিয়ার্স ব্রসনান অভিনীত ‘ডাই অ্যানাদার ডে’ (২০০২)। সিনেমাটির অদৃশ্য গাড়ি, হিমশৈলের ওপর সার্ফিংয়ের দৃশ্য এবং ম্যাডোনার উপস্থিতিকে সমালোচনার চোখে দেখেছে দ্য ইন্ডিপেনডেন্ট। বিশেষ করে অতিরিক্ত কম্পিউটারনির্ভর দৃশ্য ও অবাস্তব উপস্থাপনাকে ছবিটির দুর্বলতা হিসেবে তুলে ধরা হয়েছে। তবে সমুদ্র থেকে হ্যালি বেরির উঠে আসার দৃশ্যটি প্রশংসা পেয়েছে।
২৪তম স্থানে রয়েছে ড্যানিয়েল ক্রেইক অভিনীত ‘স্পেক্টর’ (২০১৫)। মেক্সিকোর ‘ডে অব দ্য ডেড’ উৎসবের উদ্বোধনী দৃশ্যটি সিনেমার অন্যতম আকর্ষণ হলেও পরবর্তী সময়ে গল্পের সম্ভাবনা ঠিকভাবে কাজে লাগানো হয়নি বলে মনে করেছে সংবাদমাধ্যমটি। ব্লোফেল্ডের চরিত্রের উপস্থাপন, দুর্বল গাড়ির ধাওয়ার দৃশ্য এবং অসন্তোষজনক সমাপ্তিও সমালোচনার কারণ হয়েছে।
২৩তম স্থানে রয়েছে রজার মুর অভিনীত ‘মুনরেকার’ (১৯৭৯)। অতিরিক্ত হাস্যরস ও অবাস্তব কাহিনির কারণে সিনেমাটি তালিকার নিচের দিকে জায়গা পেয়েছে। ছবিতে জসের প্রেমিকা পাওয়া, গন্ডোলার ধাওয়ার দৃশ্য এবং মহাকাশযান চুরির মতো ঘটনাকে অতিরঞ্জিত উপস্থাপনার উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
২২তম স্থানে ‘টুমরো নেভার ডাইস’ (১৯৯৭)। সিনেমাটি দেখতে আকর্ষণীয় হলেও এর গল্প ও উপস্থাপনায় প্রাণের অভাব রয়েছে বলে মনে করেছে দ্য ইন্ডিপেনডেন্ট। মিশেল ইয়োর অভিনয় প্রশংসিত হলেও জোনাথন প্রাইসের অভিনীত খলনায়ক চরিত্রটি প্রত্যাশা পূরণ করতে পারেনি।
২১তম স্থানে রয়েছে ‘দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান’ (১৯৭৪)। রজার মুর অভিনীত এই সিনেমায় ক্রিস্টোফার লির খলনায়ক চরিত্রটি বন্ডের চরিত্রকেও ছাপিয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ব্রিট একল্যান্ডের চরিত্রের উপস্থাপনাকে দুর্বল হিসেবে দেখা হয়েছে।
২০তম স্থানে রয়েছে ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ (১৯৯৯)। সিনেমাটিতে সোফি মার্সোর অভিনয় প্রশংসা পেলেও ডেনিস রিচার্ডসের অভিনীত ড. ক্রিসমাস জোন্স চরিত্রটি নিয়ে সমালোচনা করা হয়েছে। চরিত্রটির উপস্থাপনাকে ছবিটির অন্যতম দুর্বল দিক হিসেবে তুলে ধরা হয়েছে।
১৯তম স্থানে রয়েছে টিমোথি ডালটন অভিনীত ‘লাইসেন্স টু কিল’ (১৯৮৯)। বন্ড সিরিজের অন্য সিনেমাগুলোর তুলনায় এটি বেশ কঠোর ও বাস্তবধর্মী। ছবিটির প্রথম ১৫ সার্টিফিকেট পাওয়া এবং মরুভূমিতে ট্যাংকারের ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো বাস্তব স্টান্ট দৃশ্যগুলো প্রশংসিত হয়েছে।
১৮তম স্থানে রয়েছে ‘স্কাইফল’ (২০১২)। ড্যানিয়েল ক্রেইক অভিনীত এই সিনেমায় হাভিয়ের বারদেমের অভিনয় এবং রজার ডিকিন্সের সিনেমাটোগ্রাফি বিশেষভাবে প্রশংসা পেয়েছে। তবে গল্পের কিছু অসংগতি এবং পার্শ্বচরিত্রগুলোর দুর্বল উপস্থাপনাকে ছবিটির সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
১৭তম স্থানে রয়েছে পিয়ার্স ব্রসনান অভিনীত ‘গোল্ডেনআই’ (১৯৯৫)। সিনেমাটির চেয়ে একই নামের ভিডিও গেমটি অনেকের কাছে বেশি জনপ্রিয় বলে মন্তব্য করা হয়েছে। তবে ফামকে জানসেনের অভিনীত খলনায়ক চরিত্র প্রশংসা পেলেও শন বিনের চরিত্রটি তেমন প্রভাব ফেলতে পারেনি।
১৬তম স্থানে রয়েছে শন কনারি অভিনীত ‘ডায়মন্ডস আর ফরএভার’ (১৯৭১)। কনারির অভিনীত বন্ড সিনেমাগুলোর মধ্যে এটিকে সবচেয়ে বেশি হাস্যরসনির্ভর ও অতিরঞ্জিত হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে সিনেমার গান এবং চার্লস গ্রের অভিনয় প্রশংসিত হয়েছে।
১৫তম স্থানে রয়েছে রজার মুর অভিনীত ‘আ ভিউ টু আ কিল’ (১৯৮৫)। সিনেমাটিতে একাধিক খলনায়ক, গোল্ডেন গেট ব্রিজের দৃশ্য এবং শিরোনাম সংগীত উল্লেখযোগ্য। গ্রেস জোন্স ও ক্রিস্টোফার ওয়াকেনের অভিনয় ছবিটিকে আলাদা মাত্রা দিলেও বন্ড চরিত্রে মুরের বয়সের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
১৪তম স্থানে রয়েছে ‘অক্টোপাসি’ (১৯৮৩)। সিনেমাটিতে মড অ্যাডামসের অভিনীত চরিত্রটি প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মনে করেছে সংবাদমাধ্যমটি। অন্যদিকে লুই জুর্দান ও স্টিভেন বারকফের অভিনয় ছবিটিতে উল্লেখযোগ্য সংযোজন হলেও গল্পের বিদেশি আবহ ও উপস্থাপনায় কিছু দুর্বলতা ছিল।
১৩তম স্থানে রয়েছে শন কনারি অভিনীত ‘থান্ডারবল’ (১৯৬৫)। সিনেমাটির পানির নিচের দীর্ঘ দৃশ্যগুলো অনেক ক্ষেত্রে একঘেয়ে হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কনারির অন্যান্য বন্ড সিনেমার তুলনায় এতে ব্যক্তিগত আবেগ ও টান কম ছিল। হাঙরের উপস্থিতিও ছবিটির উল্লেখযোগ্য অংশ।
১২তম স্থানে রয়েছে ড্যানিয়েল ক্রেইক অভিনীত ‘কোয়ান্টাম অব সোলেস’ (২০০৮)। সিয়েনার ছাদের ওপর দিয়ে ধাওয়ার দৃশ্য এবং ক্রেইকের তীব্র অভিনয় সিনেমাটির শক্তিশালী দিক। তবে শেষাংশের দুর্বলতা ছবিটির সামগ্রিক মানে প্রভাব ফেলেছে বলে মনে করেছে দ্য ইন্ডিপেনডেন্ট।
১১তম স্থানে রয়েছে ‘ফর ইয়োর আইজ অনলি’ (১৯৮১)। রজার মুর অভিনীত এই সিনেমায় ক্যারল বুকের মেলিনা চরিত্র এবং টপোলের অভিনয় প্রশংসিত হয়েছে। আগের কয়েকটি সিনেমার তুলনায় এতে বাস্তবধর্মী আবহ ফিরিয়ে আনার চেষ্টা ছিল। বিশেষ করে শেষের মঠকেন্দ্রিক ঘটনাপ্রবাহ ছবিটিকে আলাদা করেছে।
সেরা দশে যেসব সিনেমা
দশম স্থানে রয়েছে শন কনারির প্রথম বন্ড সিনেমা ‘ড. নো’ (১৯৬২)। সিরিজের প্রথম সিনেমা হওয়ায় নির্মাণে বাজেট ও উপস্থাপনার সীমাবদ্ধতা ছিল। এতে প্রচলিত অর্থে কোনো শিরোনাম সংগীতও ছিল না। তবে উরসুলা আন্দ্রেসের উপস্থিতি এবং গল্পের উত্তেজনা ছবিটিকে স্মরণীয় করে রেখেছে।
নবম স্থানে রয়েছে ড্যানিয়েল ক্রেইক অভিনীত ‘ক্যাসিনো রয়্যাল’ (২০০৬)। সিনেমাটির প্রথম দুই-তৃতীয়াংশকে দুর্দান্ত বলে উল্লেখ করা হয়েছে। লে শিফার ও ভেসপার লিন্ডের চরিত্র এবং বন্ড সিরিজকে নতুনভাবে উপস্থাপনের কারণে ছবিটি বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে শেষ অংশের দুর্বলতা নিয়ে সমালোচনা রয়েছে।
অষ্টম স্থানে রয়েছে শন কনারি অভিনীত ‘ইউ অনলি লিভ টোয়াইস’ (১৯৬৭)। সিনেমাটির কেন অ্যাডাম নির্মিত আগ্নেয়গিরির ভেতরের গোপন ঘাঁটি এবং ডোনাল্ড প্লিজেন্সের অভিনীত খলনায়ক চরিত্র প্রশংসিত হয়েছে। তবে কনারির চরিত্রের উপস্থাপন ও কিছু দৃশ্য নিয়ে সমালোচনা করা হয়েছে। সব মিলিয়ে আকাশপথের লড়াই ও শেষের উদ্ধার অভিযান সিনেমাটিকে আকর্ষণীয় করেছে।
সপ্তম স্থানে রয়েছে ড্যানিয়েল ক্রেইকের শেষ বন্ড সিনেমা ‘নো টাইম টু ডাই’ (২০২১)। করোনা মহামারির কারণে মুক্তি প্রায় দুই বছর পিছিয়ে গেলেও সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্যারি ফুকুনাগার পরিচালনা, আবেগঘন গল্প, অ্যাকশন এবং আনা দে আরমাসের অভিনয় প্রশংসা পেয়েছে। ছবিটিতে ক্রেইকের বন্ড চরিত্রের বিদায়কেও বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
ষষ্ঠ স্থানে রয়েছে রজার মুর অভিনীত ‘দ্য স্পাই হু লাভড মি’ (১৯৭৭)। এই সিনেমায় মুরকে বন্ড চরিত্রে তার সেরা সময়ের অভিনেতা হিসেবে দেখা গেছে। কার্ট জুর্গেন্সের খলনায়ক চরিত্র, লুইস গিলবার্টের পরিচালনা এবং বারবারা বাখের অভিনয় ছবিটিকে তালিকার ওপরের দিকে জায়গা করে দিয়েছে।
পঞ্চম স্থানে রয়েছে ‘লিভ অ্যান্ড লেট ডাই’ (১৯৭৩)। সিনেমাটির স্বতন্ত্র গল্প, সংগীত এবং ভুডু-নির্ভর আবহ একে বন্ড সিরিজের অন্য ছবিগুলো থেকে আলাদা করেছে। ইয়াফেট কোটোর অভিনীত খলনায়ক চরিত্রও ছবিটির অন্যতম আকর্ষণ।
চতুর্থ স্থানে রয়েছে টিমোথি ডালটন অভিনীত ‘দ্য লিভিং ডেলাইটস’ (১৯৮৭)। এই সিনেমার মাধ্যমে বন্ড চরিত্রে কঠোর ও বাস্তবধর্মী আবহ ফিরিয়ে আনা হয়েছিল। ডালটনের অভিনয়, মরক্কোর প্রেক্ষাপটে নির্মিত গল্প এবং কার্গো বিমানের ঝুঁকিপূর্ণ স্টান্ট দৃশ্য ছবিটিকে বিশেষভাবে স্মরণীয় করেছে।
তৃতীয় স্থানে রয়েছে জর্জ ল্যাজেনবি অভিনীত ‘অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস’ (১৯৬৯)। বন্ড চরিত্রে ল্যাজেনবির অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমার স্কিইংয়ের দৃশ্য, ডায়ানা রিগের অভিনীত কনটেসা চরিত্র এবং আবেগঘন গল্প ছবিটির উল্লেখযোগ্য দিক। পরিচালক ক্রিস্টোফার নোলানেরও পছন্দের বন্ড সিনেমাগুলোর একটি এটি।
দ্বিতীয় স্থানে রয়েছে শন কনারি অভিনীত ‘গোল্ডফিঙ্গার’ (১৯৬৪)। গাই হ্যামিলটনের পরিচালনায় নির্মিত এই সিনেমার স্মরণীয় খলনায়ক, বন্ড-নায়িকা, বুদ্ধিদীপ্ত সংলাপ এবং নানা প্রযুক্তিনির্ভর কৌশল ছবিটিকে জনপ্রিয় করেছে। গার্ট ফ্রোবে অভিনীত খলনায়ক চরিত্রের পরিকল্পনাও সিনেমাটির অন্যতম আকর্ষণ।
তালিকার শীর্ষে রয়েছে শন কনারি অভিনীত ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ (১৯৬৩)। সিনেমাটির পরিশীলিত নির্মাণ, শক্তিশালী পার্শ্বঅভিনয় এবং ট্রেনের ভেতরের উত্তেজনাপূর্ণ দৃশ্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে। রবার্ট শ, পেদ্রো আরমেন্দারিজ, ড্যানিয়েলা বিয়ানকি ও লটে লেনিয়ার অভিনয় ছবিটিকে আরও সমৃদ্ধ করেছে। পরিচালক টেরেন্স ইয়ংয়ের দক্ষ পরিচালনা এবং লেখক ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট বন্ড চরিত্রের সঙ্গে সিনেমাটির ঘনিষ্ঠ সামঞ্জস্য একে তালিকার শীর্ষে জায়গা করে দিয়েছে বলে মনে করেছে দ্য ইন্ডিপেনডেন্ট।
রবার্ট প্যাটিনসনকে নতুন বন্ড হিসেবে ঘিরে আগ্রহের মধ্যে প্রকাশিত এই তালিকা সিরিজটির পুরোনো সিনেমাগুলো নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে বন্ড সিরিজের সেরা সিনেমা কোনটি, তা নিয়ে দর্শকদের মতভেদ থাকাই স্বাভাবিক। দ্য ইন্ডিপেনডেন্ট





