এনভিডিয়া কেলেঙ্কারি: নেপথ্যে যুক্তরাষ্ট্র-চীনের সাত দশকের ছায়াযুদ্ধ

ছবি: সংগৃহীত
বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগ ও কথিত গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারি বিশ্বজুড়ে প্রযুক্তি ও কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সিঙ্গাপুরভিত্তিক এক প্রযুক্তি নির্বাহীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে চীনের কাছে শত শত কোটি ডলারের নিষিদ্ধ উন্নত এআই চিপ পাচারের মার্কিন অভিযোগ নতুন করে সামনে এনেছে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সাত দশকের দীর্ঘ ও জটিল গোয়েন্দা লড়াইয়ের ইতিহাস।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, সিঙ্গাপুরের ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’-এর সাবেক নির্বাহী অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করছিলেন এবং এই ‘হানিট্র্যাপ’ বা ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে প্রায় ৪ থেকে ৭.৫ বিলিয়ন ডলার মূল্যের নিষিদ্ধ এআই চিপ চীনা প্রতিষ্ঠানগুলোর হাতে তুলে দেওয়ার পথ সুগম করা হয়েছিল। তবে বেইজিং এই অভিযোগকে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে সরাসরি নাকচ করে দিয়েছে এবং উল্টো ওয়াশিংটনের বিরুদ্ধে প্রযুক্তি খাতে নিষেধাজ্ঞা জায়েজ করতে মনগড়া গুপ্তচরবৃত্তির গল্প সাজানোর পাল্টা অভিযোগ তুলেছে।
আন্তর্জাতিক বিশ্লেষক ও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক বিশ্লেষণে উঠে এসেছে, এনভিডিয়াকে ঘিরে বর্তমানের এই উত্তেজনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে শুরু হওয়া দুই পরাশক্তির স্নায়ুযুদ্ধকালীন ছায়াযুদ্ধেরই আধুনিক রূপ। সত্তরের দশক পর্যন্ত যেখানে এই লড়াই মূলত কূটনৈতিক নজরদারি ও মানব-নির্ভর গুপ্তচরবৃত্তির মধ্যে সীমাবদ্ধ ছিল, নব্বইয়ের দশকে তা মোড় নেয় মার্কিন গবেষণাগার থেকে পারমাণবিক ও সামরিক প্রযুক্তি চুরির দিকে।
একবিংশ শতাব্দীর শুরুতে চীনের অর্থনৈতিক উত্থানের সঙ্গে সঙ্গে বেইজিংয়ের গোয়েন্দা কৌশলেও আমূল পরিবর্তন আসে। সামরিক গোপনীয়তার পাশাপাশি মার্কিন কর্পোরেট প্রতিষ্ঠানের বাণিজ্যিক তথ্য, মেধাস্বত্ব এবং গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত নথি হাতিয়ে নেওয়া চীনের প্রধান লক্ষ্যে পরিণত হয়। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্যের ডেটাবেস হ্যাকিং এবং হুয়াওয়ে বিতর্কের পর সাম্প্রতিক বছরগুলোতে ‘ভোল্ট টাইফুন’ ও ‘সল্ট টাইফুন’-এর মতো সাইবার অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ, পানি ও শীর্ষ টেলিকম নেটওয়ার্কে অনুপ্রবেশের অভিযোগ ওঠে চীনা হ্যাকারদের বিরুদ্ধে।
বর্তমান যুগে সেই প্রথাগত গুপ্তচরবৃত্তি ও সাইবার যুদ্ধ রূপ নিয়েছে সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা দখলের লড়াইয়ে। মার্কিন গোয়েন্দাদের মতে, চীন এখন তাদের ‘সমগ্র রাষ্ট্র ও সমাজ’ কৌশল প্রয়োগ করে সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহী, গবেষক এবং তৃতীয় দেশের শেল কোম্পানির মাধ্যমে উন্নত চিপ ও এআই প্রযুক্তি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, এনভিডিয়া কেলেঙ্কারি স্পষ্ট করে দিয়েছে যে, আগামীর বিশ্বরাজনীতিতে যার হাতে উন্নত চিপ ও এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ থাকবে, ভূ-রাজনীতির ছায়াযুদ্ধে তারাই এগিয়ে থাকবে।






