আন্তর্জাতিক

১১ মাসের শিশুকে কুকুরের খাঁচায় ভরে মাটিচাপা দিলেন বাবা!

১১ মাসের শিশুকে কুকুরের খাঁচায় ভরে মাটিচাপা দিলেন বাবা!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ মাস বয়সী নিজের শিশুসন্তানকে কুকুরের খাঁচায় ভরে মাটির নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর মঙ্গলবার (১০ নভেম্বর) শিশুটিকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ২৫ বছর বয়সী বাবা মাইকেল কোমারকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশুটির নাম কোয়াহ শার্প। পুলিশ জানিয়েছে, শিশুটিকে প্রথমে একটি কুকুরের খাঁচায় ঢোকানো হয়। পরে খাঁচাটি তোয়ালে দিয়ে মুড়িয়ে বাড়ির কাছের একটি জঙ্গলে নিয়ে মাটির নিচে পুঁতে রাখা হয়।

পুলিশ কর্মকর্তা জে কুন জানান, শিশুটির মা ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ার সময় তাকে বাড়িতে বাবার কাছে রেখে যান। এরপর সোমবার থেকে শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি পুলিশকে জানানো হলে শুরু হয় অনুসন্ধান।

তল্লাশির একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৪৫ মিটার দূরের একটি জঙ্গলে মাটি খোঁড়ার চিহ্ন দেখতে পান পুলিশ সদস্যরা। ওই স্থানেই শিশুটিকে পুঁতে রাখা হয়েছিল। মাটি খোঁড়ার সময় শিশুটির কান্নার শব্দ শুনতে পান তারা। পরে দ্রুত মাটির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে পুলিশ কর্মকর্তা জে কুন বলেন, আশা করা হচ্ছে, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের ধন্যবাদ জানান তিনি। শিশুটির বেঁচে ফেরার ঘটনাকে উদ্‌যাপনের মতো বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

এ ঘটনায় সোমবার রাতেই শিশুটির বাবা মাইকেল কোমারকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা নির্ধারণ করতে সরকারি কৌঁসুলিদের সঙ্গে কাজ করছে পুলিশ।

বিষয়:জীবিত উদ্ধার বাবা গ্রেপ্তার শিশুকে মাটিচাপা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…