নেপালে নিখোঁজের ৩৭ দিন পর জীবিত উদ্ধার এক মালয়েশিয়ান পর্যটক

ছবি: সংগৃহীত
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর ৩৭ দিন নিখোঁজ থাকার পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তিনি নিরাপদে মালয়েশিয়ায় ফিরে গেছেন বলে জানিয়েছে ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফি)।
শুক্রবার (২ অক্টোবর) সংগঠনটির মুখপাত্র মনিভান্নান রেথিনাম এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, নেপাল ভ্রমণে যাওয়া ওই মালয়েশিয়ান নাগরিক কাঠমান্ডুতে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাসে গিয়ে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। ৩৭ দিন পর তাঁর সন্ধান পাওয়ায় এখনো নিখোঁজ থাকা অন্য মালয়েশিয়ানদের পরিবারগুলোর মধ্যেও কিছুটা স্বস্তি ও আশার সৃষ্টি হয়েছে।
মনিভান্নান রেথিনাম জানান, গত ২৫ আগস্ট বিকেল ৩টা ২৬ মিনিটে বন্যা শুরুর এক দিন আগে ওই পর্যটককে নাগথালি ভিউপয়েন্ট এলাকায় দেখা গিয়েছিল। পরে বন্যা ও ভূমিধসে স্থানীয় সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি দুর্গম এলাকায় আটকা পড়েন। সেখানে বিদ্যুৎ ও খাবার পানির সংকটও দেখা দেয়।
এর আগে ২৭ আগস্ট মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নেপালে বন্যার পর কাঠমান্ডুতে দেশটির দূতাবাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ৫৫ জন মালয়েশিয়ান নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বিশ্লেষণ অনুযায়ী, হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের কাছে হিমবাহ ও বরফ ধস থেকে সৃষ্ট কম্পনের শক্তি ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য ছিল।
প্রতিবেদন অনুযায়ী, ভয়াবহ ওই দুর্যোগে নেপাল ও সংলগ্ন তিব্বত অঞ্চলে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ।
দুর্যোগে নেপালের বিভিন্ন এলাকার যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে। নেপালের পর্যটন দপ্তরের ১৭ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, ভারত, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও চীনসহ ৩০টির বেশি দেশের নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।






