চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কাজ বন্ধ, বিক্ষোভে শ্রমিকেরা

ছবি: সংগৃহীত
গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে চট্টগ্রাম বন্দরের প্রধান দুটি টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় প্রথম পালা থেকে টার্মিনাল দুটির এই কার্যক্রম বন্ধ করে দেন তারা।
কাজ বন্ধ থাকা টার্মিনাল দুটি হলো নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি)। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের ৫৮ শতাংশই এসব টার্মিনালে ওঠানো-নামানো হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, কাগজে-কলমে এনসিটি পরিচালনার দায়িত্বে রয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। তবে টার্মিনালটির মূল পরিচালন কার্যক্রম পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। অন্যদিকে, সিসিটির পরিচালনার দায়িত্বেও রয়েছে একই প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড।
এই দুই টার্মিনালের মধ্যে এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি হস্তান্তরের কথা রয়েছে। আবার সিসিটিও সাইফ পাওয়ারটেকের হাত থেকে বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ পরিস্থিতিতে টার্মিনাল দুটিতে এক হাজার নিয়মিত শ্রমিক–কর্মচারীর চাকরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
একজন শ্রমিক জানান, এ পরিস্থিতিতে টার্মিনাল দুটিতে কর্মরত শ্রমিকেরা গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, প্রণোদনাসহ নানা আর্থিক সুবিধা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। আর্থিক সুবিধা না পেয়ে তারা আজ সকাল থেকে টার্মিনাল দুটিতে কাজ বন্ধ করে দিয়েছেন। শ্রমিকদের কর্মসূচির কারণে টার্মিনালে ছয়টি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো বন্ধ রয়েছে। একইভাবে টার্মিনালের কার্যক্রমেও অচলাবস্থা চলছে।
বন্দরের একজন কর্মকর্তা জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই কাজ শুরু হওয়ার কথা রয়েছে।






