অর্থনীতি

২ হাজার ৭৬৯ কোটি টাকায় নতুন ইঞ্জিন কেনাসহ আরও যা করছে রেলওয়ে

২ হাজার ৭৬৯ কোটি টাকায় নতুন ইঞ্জিন কেনাসহ আরও যা করছে রেলওয়ে

ছবি: সংগৃহীত

দেশের পণ্য পরিবহনে রেলওয়ের অংশগ্রহণ বাড়াতে এবং পুরোনো ইঞ্জিনের সংকট কাটাতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ করছে সরকার। প্রকল্পের প্রায় ৭১ শতাংশ অর্থায়ন করবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।

নতুন ইঞ্জিন যুক্ত হলে যাত্রী পরিবহনের পাশাপাশি মালবাহী ট্রেন পরিচালনার সক্ষমতাও বাড়বে বলে আশা করছে সরকার। বর্তমানে দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ হয় রেলপথে।

‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পটির মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা। বাকি ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ঋণ দেবে এআইআইবি। গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো প্রয়োজনীয় লোকোমোটিভের ঘাটতি। অনেক পুরোনো ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। নতুন ৩০টি ইঞ্জিন যুক্ত হলে এ সংকট অনেকটাই কমবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনে সক্ষমতা বাড়বে।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সংস্থাটির বহরে ২৯২টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ১৬৪টি মিটারগেজ এবং ১২৮টি ব্রডগেজ। মিটারগেজ ইঞ্জিনগুলোর মধ্যে ১১৫টির অর্থনৈতিক আয়ুষ্কাল ইতোমধ্যে শেষ হয়েছে। এর মধ্যে ৬২টির বয়স ৪০ বছরের বেশি। রেলওয়ের বিধিমালা অনুযায়ী, একটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর।

দীর্ঘদিন ব্যবহারের ফলে এসব ইঞ্জিনের কার্যক্ষমতা কমেছে। পাশাপাশি পুরোনো ইঞ্জিনের যন্ত্রাংশ সংগ্রহ কঠিন ও ব্যয়বহুল হয়ে পড়েছে। কোনো ইঞ্জিন বিকল হলে মেরামত করে সচল করতেও দীর্ঘ সময় লাগে। এতে ট্রেন চলাচল ও পণ্য পরিবহন ব্যাহত হয়।

প্রকল্পের আওতায় প্রতিটি নতুন লোকোমোটিভের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৬৯ কোটি টাকা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। ইঞ্জিনের পাশাপাশি খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ সরঞ্জাম ও বিশেষায়িত টুলস সংগ্রহ করা হবে। রেলওয়ের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, রেলওয়েকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে দেখতে চায় না সরকার। দেশের পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানো অন্যতম লক্ষ্য। সড়কপথের ওপর চাপ কমাতে এবং সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রেলপথের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রেলপথে ৫৪ লাখ ৬৭ হাজার টন পণ্য পরিবহন করা হয়। ২০২১-২২ অর্থবছরে তা কমে ৫৩ লাখ ৩৩ হাজার টন এবং ২০২২-২৩ অর্থবছরে ৪৪ লাখ ১৪ হাজার ২০২ টনে দাঁড়ায়।

রেলপথে চাল, গম, সার, জ্বালানি তেল, পাথর, বালু, শিল্পকারখানার কাঁচামাল ও কনটেইনার পরিবহন করা হয়। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য সরবরাহে রেলওয়ের বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তবে ইঞ্জিন ও ওয়াগনের স্বল্পতা এবং পণ্য ওঠানো-নামানোর অবকাঠামোগত সীমাবদ্ধতায় এ সম্ভাবনার পূর্ণ ব্যবহার হচ্ছে না।

রেলওয়ে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সংস্থাটির প্রয়োজন প্রায় ৭০ থেকে ৮০টি লোকোমোটিভ। সে তুলনায় বর্তমান প্রকল্পে সংগ্রহ করা হচ্ছে ৩০টি। অর্থাৎ নতুন ইঞ্জিন যুক্ত হওয়ার পরও আরও লোকোমোটিভ সংগ্রহের প্রয়োজন থাকবে।

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, মিটারগেজ লোকোমোটিভের ঘাটতির কারণে অনেক সময় বিদ্যমান সক্ষমতা অনুযায়ী ট্রেন পরিচালনা করা সম্ভব হয় না। নতুন ৩০টি ইঞ্জিন যুক্ত হলে এ সংকট অনেকটা কমবে এবং যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে।

তিনি আরও বলেন, সরকার দীর্ঘমেয়াদে মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে এ প্রক্রিয়ায় সময় লাগবে। তাই বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল রাখা এবং এর সক্ষমতা বাড়ানো জরুরি।

রেলওয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে দেশের মিটারগেজ রেললাইনগুলোকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তবে ইঞ্জিন সংগ্রহের পাশাপাশি ওয়াগনের সংখ্যা বাড়ানো, লজিস্টিকস অবকাঠামো উন্নয়ন এবং পণ্য ওঠানো-নামানোর সুবিধা সম্প্রসারণ না করলে রেলপথে পণ্য পরিবহনের কাঙ্ক্ষিত সক্ষমতা অর্জন কঠিন হবে।

বিষয়:প্রকল্প ঋণ বাংলাদেশ রেলওয়ে সরকারের নিজস্ব অর্থায়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…