সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল ফ্রান্স

ছবি: সংগৃহীত
ফ্রান্সের বিভিন্ন সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে দেশটির সরকার। গত ১১ ও ১২ অক্টোবর চালানো এসব হামলায় বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হওয়ার পাশাপাশি কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় তদন্তের পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে ফ্রান্স।
সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানিয়েছেন, হামলার সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্ট একটি সাইবার ইউনিট জড়িত বলে তদন্তকারীরা মনে করছেন। এ বিষয়ে ব্যাখ্যা দিতে প্যারিসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
বারো বলেন, ফ্রান্সের মাটিতে নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বড় পরিসরের সাইবার হামলা নজিরবিহীন। দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তার ওপর এ আঘাতের জবাব দেওয়া হবে।
প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ‘শহীদ কাভেহ’ নামের সাইবার ইউনিটের প্রধান ও তার দুই উপপ্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
তদন্তকারীদের দাবি, হামলাকারীরা ইন্টারনেটের মাধ্যমে সুপারমার্কেটগুলোর হিমাগার ব্যবস্থায় প্রবেশ করে দূর থেকে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে বাড়িয়ে দেয়। এতে রাতারাতি বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়। কোথাও কোথাও যন্ত্রপাতি গলে যাওয়ার পাশাপাশি আগুনও লাগে।
ই-লেক্লের, ইন্টারমার্শে, ক্যারেফুর, মনোপ্রি ও কো-অপারেটিভ ইউসহ বড় কয়েকটি সুপারমার্কেট চেইন আক্রান্ত হয়েছে। ইন্টারমার্শে ও নেটো ব্র্যান্ডের অন্তত ৩০০টি দোকান, কো-অপারেটিভ ইউর শতাধিক এবং ক্যারেফুরের ৮০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মনোপ্রির প্রায় ৪৯০টি দোকানের ৫ শতাংশও হামলার শিকার হয়েছে।
এদিকে ২ নভেম্বর বেলজিয়াম, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ ও সুইডেনেও একই ধরনের ঘটনা ঘটে। এতে কয়েক ডজন দোকান ও একটি খাদ্য বিতরণকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়।
গ্লোবাল সাইবার রিস্ক এলএলসির প্রধান নির্বাহী জোডি ওয়েস্টবি বলেন, সাইবার হামলার প্রকৃত উৎস শনাক্ত করা কঠিন। হ্যাকাররা বিভিন্ন দেশের নেটওয়ার্ক ব্যবহার করে নিজেদের পরিচয় ও অবস্থান আড়াল করে রাখে।






