প্রবাস সংবাদ

বাংলাদেশ-সৌদি আরব হজ চুক্তি স্বাক্ষরিত: হজযাত্রীর কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

বাংলাদেশ-সৌদি আরব হজ চুক্তি স্বাক্ষরিত: হজযাত্রীর কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

ছবি: সংগৃহীত।

২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরের সময় আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়ানো হয়েছে। এর আগে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলনের কনফারেন্স হলে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষরের পর ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়িয়েছেন। ফলে আগামী বছরের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

দ্বিপক্ষীয় বৈঠকে হজ ব্যবস্থাপনার অগ্রগতি এবং কোটা নির্ধারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসে। তবে অন্য কোনো দেশ নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।

ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে সৌদি মন্ত্রী আন্তরিকতার সঙ্গে আশ্বাস দিয়েছেন। তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে বলেও জানান ধর্মমন্ত্রী। হজযাত্রীদের সেবার মান বাড়ানো এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:সৌদি আরব সৌদি হজ ও ওমরাহ হজ চুক্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…