ফ্লাইওভারে আচমকা বাস ভাঙচুর, পরে অগ্নিসংযোগ

ঢাকা শহরে একটি গাড়ি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে, অনেক মানুষ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের ওপর বলাকা পরিবহনের একটি বাস ভাঙচুর করে এবং পরে তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে ফ্লাইওভারে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা যায়, ফ্লাইওভারের নিচের রাস্তায় পুলিশের ব্যারিকেড আর বিএনপি কর্মীদের সংঘর্ষের কারণে বলাকা পরিবহনের বাসটি ফ্লাইওভারের ওপর দিয়ে রামপুরা সড়কে চলে যেতে চায়। কিন্তু মৌচাক মোড়ের ঠিক ওপরেই লাটিসোটা হাতে একদল যুবক বাসের গতিরোধ করে ভাঙচুর শুরু করে। এসময় বাসে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে যায় এবং একপর্যায়ে তারা বাসে অগ্নিসংযোগ করে।
এর আগে দুপুর আড়াইটার দিকে পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের সমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে নয়াপল্টন এবং আশপাশের অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, পুলিশের ৪১ জন সদস্য আহত হয়েছেন। একজন পুলিশ নিহত হয়েছে বলেও জানা গেছে।






