জমি বিক্রিতে বাধা: ছোট ভাইয়ের পায়ে শিকল পরিয়ে আটকে রাখলেন দুই ভাই

ছবি: সংগৃহীত
জয়পুরহাটের কালাইয়ে নিজের ভাগের জমি বিক্রি করতে চাওয়ায় ছোট ভাইয়ের পায়ে শিকল পরিয়ে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে দুই বড় ভাইয়ের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে অভিযুক্ত দুই ভাইকে আটক করে থানায় নেয়। তবে পরে মায়ের মধ্যস্থতায় জমির দলিল ফিরিয়ে দেওয়ার শর্তে পারিবারিকভাবে আপস হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার পুনট উচ্চবিদ্যালয় এলাকা থেকে শিকল পরা অবস্থায় খোরশেদ আলম (৩১) নামের ওই যুবককে উদ্ধার করে পুলিশ। তিনি পুনট পূর্বপাড়া গ্রামের আবদুল গনির ছেলে। অভিযুক্ত দুই ভাই হলেন আবদুল মুমিন ও মাহফুজ আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে তিন ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। খোরশেদ নিজের ভাগের জমি বিক্রি করতে চাইলে তাতে বাধা দেন বড় দুই ভাই। গত শনিবার জমি বিক্রি করতে না পেরে তিনি নিজের ঘরের টিন খুলতে শুরু করেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে দুই ভাই মিলে খোরশেদের পায়ে শিকল পরিয়ে একটি ঘরে আটকে রাখেন।
উদ্ধারের পর খোরশেদ অভিযোগ করেন, তিনি হেযবুত তওহীদের সঙ্গে যুক্ত থাকায় তার ভাইয়েরা জমি বিক্রিতে বাধা দিচ্ছেন। এমনকি তাকে বাড়িতেও ঢুকতে দেওয়া হয় না। শনিবার থেকে তাকে শিকল পরিয়ে খাবার না দিয়ে আটকে রাখা হয়েছিল।
তবে বড় ভাই আবদুল মুমিনের দাবি, ছোট ভাইয়ের ভালোর কথা চিন্তা করেই তারা এমনটি করেছেন।
পরে সন্ধ্যায় তাদের মা থানায় গিয়ে ছোট ছেলের জমির দলিল ফিরিয়ে দেওয়ার শর্তে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করেন। তিনি বলেন, ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে জমি বিক্রিতে বাধা দেওয়া হয়েছিল। তবে এখন ছেলে সাবালক হওয়ায় তার জমির দলিল ফিরিয়ে দেওয়া হচ্ছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ শিকল পরা অবস্থায় খোরশেদকে উদ্ধার এবং তার দুই ভাইকে আটক করে। পরে মায়ের মধ্যস্থতায় আপস হওয়ায় এবং কারও কোনো অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। খোরশেদকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।





