বরিশালে ঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি
বরিশালের গৌরনদী উপজেলায় নিজ বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুল খালেক ওই গ্রামের মৃত হোসেন খন্দকারের ছেলে। তিনি বিল্বগ্রাম বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন। নিজের বসতঘরে একাই থাকতেন তিনি।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুর আলম সরদার জানান, গত সোমবার সর্বশেষ আব্দুল খালেককে বাজারে দেখা গিয়েছিল। এরপর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি। বুধবার সন্ধ্যায় তার বাড়ির পাশ দিয়ে যাতায়াতের সময় স্থানীয় লোকজন দুর্গন্ধ পান। পরে তারা বাড়ির কাছে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় বিছানায় আব্দুল খালেকের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল খালেকের এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। তারা ঢাকায় বসবাস করেন।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।






