‘জেমস বন্ড’-এ ভিলেন হতে চান ব্র্যাড পিট

জেমস বন্ড সিরিজের নতুন সিনেমায় ০০৭ চরিত্রে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে। সোমবার (১৬ নভেম্বর) নতুন জেমস বন্ড হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই হলিউডে চলছে আলোচনা। এবার সেই আলোচনায় যোগ দিলেন হলিউড তারকা ব্র্যাড পিট।
নতুন সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করে সরাসরি জানালেন, বন্ডের খলনায়ক হতে চান তিনি।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দ্য ফারদার মিস-অ্যাডভেঞ্চারস অব ক্লিফ বুথ’-এর প্রচারে গিয়ে বিনোদনবিষয়ক সাময়িকী কমপ্লেক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ব্র্যাড পিট।
নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনকে কেমন লাগছে, এমন প্রশ্নে পিট বলেন, ‘আমার মনে হয়, দারুণ একটি নির্বাচন হয়েছে। এই অভিনেতা যেভাবে কাজ করছেন, তা আমার ভালো লাগে। তিনি বেশ আগ্রহজাগানিয়া সব চরিত্র বেছে নিচ্ছেন। আবার সেগুলোর মধ্যে ভারসাম্য রাখার বিষয়টিও বেশ চমৎকার।’
পরে পরবর্তী বন্ড গার্ল হিসেবে কাকে দেখা যেতে পারে, সে বিষয়ে জানতে চাওয়া হয় তার কাছে। তবে নাম প্রস্তাব না করে পরিচালক ডেনিস ভিলনুভের সিনেমায় নিজের জায়গা করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন পিট। হাসতে হাসতে বলেন, ‘ওহ, জানি না। তবে আমাকে খলনায়কের চরিত্রে নিন। ডেনি ভিলনুভকে ফোনে ধরুন। চলুন, শুরু করা যাক।’
উল্লেখ্য, ড্যানিয়েল ক্রেগ পাঁচটি সিনেমায় জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের পর সরে দাঁড়ানোর ঘোষণা দিলে নতুন ০০৭ কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেই দৌড়ে জয়ী হয়েছেন রবার্ট প্যাটিনসন। এ চরিত্রের জন্য জ্যাক লোডেন, ক্যালাম টার্নার, জশ ও’কনর, নিকোলাস হল্ট, অ্যারন টেলর-জনসন ও থিও জেমসের নামও আলোচনায় ছিল।
নতুন বন্ড হিসেবে প্যাটিনসনের নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। ‘হ্যারি পটার’, ‘টোয়াইলাইট’ ও ‘ব্যাটম্যান’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে তার অভিনীত চরিত্রগুলো নিয়েও তৈরি হয়েছে নানা মিম।
এদিকে ব্র্যাড পিটকে সামনে দেখা যাবে ‘দ্য ফারদার মিস-অ্যাডভেঞ্চারস অব ক্লিফ বুথ’ সিনেমায়। কোয়েন্টিন টারান্টিনোর ২০১৯ সালের ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর পরবর্তী কিস্তি এটি। ডেভিড ফিঞ্চার পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন টারান্টিনো। আগামী ২৫ নভেম্বর আইম্যাক্স প্রেক্ষাগৃহে মুক্তির পর ২৩ ডিসেম্বর নেটফ্লিক্সে আসবে সিনেমাটি। টেলিগ্রাফ






