গ্রামের ছোট্ট পাঠাগার থেকে বিভাগীয় শহরে ৫০ শিশুর বইমেলা অভিযান

গ্রামের ছোট্ট পাঠাগারে বই পড়েই যাদের বেড়ে ওঠা, তাদের অনেকের কাছে বইমেলা ছিল এত দিন কেবল টেলিভিশন আর ইউটিউবে দেখা এক স্বপ্নের জগৎ। সারি সারি বইয়ের স্টল, শত শত প্রকাশনা, পছন্দের বই খুঁজে দেখা কিংবা লেখকের হাত থেকে বই কেনার অভিজ্ঞতা হয়নি কখনো। সেই স্বপ্ন পূরণে এবার গ্রামের পাঠাগার থেকে বাসে চেপে বহুদূরের বইমেলায় ছুটল ৫০ জনের বেশি শিশু-কিশোর।
নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামের মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের শিশু-কিশোর পাঠকদের ৬ নভেম্বর নিয়ে যাওয়া হয়েছিল রাজশাহী বিভাগীয় বইমেলায়।
গ্রাম থেকে বিভাগীয় শহরের বইমেলা। দূরত্ব পেরিয়ে বইয়ের বিশাল জগতে পৌঁছানোর এই যাত্রা শিশু-কিশোরদের কাছে হয়ে ওঠে এক অন্যরকম অভিজ্ঞতা। মেলায় গিয়ে তারা ঘুরে ঘুরে দেখেছে বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল, খুঁজেছে পছন্দের বই, জেনেছে বই প্রকাশের নানা বিষয়। অনেকের জীবনে এটিই ছিল প্রথম বইমেলা দেখা।
মেলার প্রতিটি স্টলে শিশু-কিশোরদের চোখেমুখে ছিল বিস্ময় আর আনন্দ। একেকটি বই হাতে নিয়ে দেখা, প্রচ্ছদ পছন্দ করা, নতুন বইয়ের নাম জানা, বন্ধুদের সঙ্গে বই নিয়ে আলোচনা, সব মিলিয়ে দিনটি তাদের কাছে হয়ে ওঠে স্মরণীয়।

গ্রন্থাগারের পাঠক একাদশ শ্রেণির শিক্ষার্থী উম্মে কুলসুম জানায়, ‘বইমেলা সম্পর্কে আগে টেলিভিশন ও ইউটিউবে দেখেছি। এবার নিজের চোখে একসঙ্গে এত বই দেখতে পেয়ে খুব ভালো লেগেছে। নিজের পছন্দের বই দেখেছি এবং বই কিনতেও পেরেছি। এটি আমার জন্য দারুণ একটি অভিজ্ঞতা।’
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হাবিবুর বাসার জানায়, ‘আগে আমরা মূলত আমাদের গ্রন্থাগারেই বই পড়তাম। বইমেলায় এসে বইয়ের জগৎ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পেরেছি। এতে আমাদের বই পড়ার আগ্রহ আরও বেড়ে যাবে। এমন আয়োজন যেন বারবার করা হয়। সময় প্রকাশনীর স্টলে আমার ভালো লেগেছে। সেখান থেকে লেখকের কাছ থেকে বই কিনেছি। ভবিষ্যতে আবারও বইমেলায় আসতে চাই।’
অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাশিন জাহান সুরভীর কাছে এই যাত্রা ছিল স্বপ্নপূরণের মতো। সে বলে, ‘গ্রন্থাগার থেকে বইমেলায় আসতে পারাটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল। আগে টেলিভিশন কিংবা বিভিন্ন মাধ্যমে বইমেলা দেখেছি, আর এবার নিজেরা সেই জায়গায় এসেছি। আমার কাছে মনে হচ্ছে, এটি যেন একধরনের স্বপ্নপূরণ। বইমেলায় এসে বিভিন্ন ধরনের বই সম্পর্কে জেনেছি। এতে বই পড়ার আগ্রহ আরও বেড়েছে। বড় হতে হলে আমাদের অবশ্যই বেশি বেশি জানতে হবে।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিশরাত জাহানের কাছেও দিনটি ছিল বিশেষ। পায়ে কিছুটা সমস্যা থাকলেও বইমেলায় যাওয়ার সুযোগ পেয়ে সবার আগে আগ্রহ প্রকাশ করে সে। মায়ের সঙ্গে বইমেলায় এসেছে নিশরাত। তার ভাষায়, ‘আমার পায়ে কিছুটা সমস্যা আছে। কিন্তু আমি সবসময় স্বপ্ন দেখি, বড় হয়ে ডাক্তার হব। যখন আমাদের বইমেলায় যাওয়ার কথা জানানো হয়েছিল, তখন আমি সবার আগে যাওয়ার আগ্রহ প্রকাশ করি। বন্ধুদের সঙ্গে বাসে করে আসা, একসঙ্গে বই দেখা, সব মিলিয়ে দিনটি আমার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। এই দিনের অনেক স্মৃতি নিয়ে আমরা এলাকায় ফিরছি।’

শিশু-কিশোরদের এই বইমেলা ভ্রমণের উদ্যোগ নেয় মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার। নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নে অবস্থিত গ্রন্থাগারটি দীর্ঘদিন ধরে স্থানীয় শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও জ্ঞানচর্চার সুযোগ তৈরিতে কাজ করছে। পাঠকদের শুধু গ্রন্থাগারের বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর বইয়ের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন।
গ্রন্থাগারিক মো. রায়হান পারভেজ বলেন, শিশুদের বইয়ের প্রতি আগ্রহী করা এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই তাদের নিয়ে বইমেলা পরিদর্শনের পরিকল্পনা করা হয়েছে। শিশুদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের জ্ঞানের জগৎ আরও বিস্তৃত করতে হবে। সে ক্ষেত্রে বইমেলা হতে পারে চমৎকার একটি শিক্ষণীয় অভিজ্ঞতা।
তিনি বলেন, শৈশব থেকেই শিশুদের বইমেলার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন। এতে তারা নানা ধরনের বইয়ের পাশাপাশি লেখক, সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। বইয়ের বিশাল সমাহার দেখে তাদের মধ্যে নতুন কিছু জানার ও পড়ার আগ্রহ তৈরি হবে।
রায়হান পারভেজ আরও বলেন, বইমেলায় শিশুদের আনন্দ, কৌতূহল এবং বইয়ের প্রতি আগ্রহ তাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে পাঠাগারের উদ্যোগে নিয়মিত পাঠচক্র, গল্প বলা, বই আলোচনা, কুইজ ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
গ্রামের একটি ছোট্ট পাঠাগার থেকে দূরের বিভাগীয় বইমেলায় ৫০ জনের বেশি শিশু-কিশোরের এই যাত্রা নিছক আনন্দভ্রমণ নয়। যেসব শিশুর কাছে বইমেলা এত দিন ছিল দূরের কোনো স্বপ্ন, তাদের সামনে এবার খুলে গেছে বইয়ের বিশাল জগৎ। হয়তো এই একটি দিনের অভিজ্ঞতাই তাদের অনেককে আরও বেশি বই পড়তে, নতুন বই খুঁজতে এবং বড় হয়ে জ্ঞানের জগতে আরও দূর এগিয়ে যেতে উৎসাহিত করবে।
বাবা মরহুম মজিবুর রহমানের স্মৃতি ধরে রাখতে পরিবারের উদ্যোগে ‘মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার’ প্রতিষ্ঠা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ও গ্রিন ভয়েস বাংলাদেশের প্রতিষ্ঠাতা আলমগীর কবির। আনুমানিক ১ হাজার বর্গফুট জায়গায় গড়ে উঠেছে এই পাঠাগার।




