কিশোরগঞ্জে সাবেক এমপি মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

শাহরিয়ার জামান
কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।
আহত শাহরিয়ার জামানকে স্থানীয় লোকজন উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি জানান, বুধবার সন্ধ্যায় তার ছেলে গচিহাটা বাজারে গেলে দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিস্তারিত খোঁজ নিয়ে জানাবেন বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে গচিহাটা কলেজের ভেতরে কয়েকজন মাদকসেবীর সঙ্গে শাহরিয়ার জামানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি তাদের একজনকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনার জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





