নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অপূর্ব (২২) দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি পুলিশ কর্মকর্তা এসআই শফিকুল হত্যা মামলারও আসামি।
শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরোনো সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি খন্দকার শাকের বলেন, গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপূর্বকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে বাড়ির পাশে একটি দোকানে বসে থাকা অবস্থায় সাংবাদিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল, রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ চালাতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন তিনি। তার গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে পিবিআই, সিআইডি ও ডিবির সমন্বিত দল তদন্ত করছে।






