অপরাধ

তুরাগে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

তুরাগে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

ছবি : সংগৃহীত।

রাজধানীর তুরাগে পারিবারিক বিরোধের কারণে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত স্বামীকে ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে উত্তরার তুরাগ থানার দলিপাড়া ৫ নম্বর সেক্টরের ৬/এ সড়কের শেষ মাথায় ৫১ নম্বর বাড়ির গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত রুনা আক্তারের বয়স ১৮ বছর। তার অভিযুক্ত স্বামী মোহাম্মদ অপু মিয়ার বয়স ২৪ বছর।

পুলিশের তথ্য অনুযায়ী, পারিবারিক বিরোধের একপর্যায়ে অপু ধারালো ছুরি দিয়ে রুনার বুকসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে গুরুতর আহত হয় রুনা।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে অপুকে ছুরিসহ আটক করে এবং পুলিশকে খবর দেয়। এদিকে গুরুতর আহত রুনাকে দ্রুত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্ত অপুকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

স্থানীয়ভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করত অপু। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে তুরাগ পারিবারিক বিরোধ ময়নাতদন্ত হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…