আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলা কথা আছে বাংলাদেশের। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঘরের মাঠে ম্যাচ আয়োজনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভুটানের বাংলাদেশে আসার কথা আছে এখনও, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি দেশটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানালেন, ভুটান না আসলে প্রয়োজনে সেখানে গিয়ে খেলবে জামাল ভূঁইয়ার দল।
রোববার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ইমরান। দেশের ফুটবলে সৃষ্টি হওয়া জটিলতা নিয়ে কথা বলেছেন। পরে সংবাদমাধ্যমে আলোচনায় ভুটানের সঙ্গে আসন্ন ম্যাচ দুটি নিয়ে কথা বলেছেন।
‘বর্তমান পরিস্থিতিতে একটা দলের (ভুটান) সাথে নিজেদের মাঠে খেলার ব্যাপারে আশাবাদী ছিলাম, কিন্তু ওই দলটারও তো কনসার্ন আছে। তারা সোমবার আমাদের জানাতে চেয়েছে। যদি তারা আসতে না চায়, তাহলে আমরা ভুটানে গিয়ে খেলব।’
‘আমাদের যে বর্তমান র্যাঙ্কিং, আমরা এএফসি এশিয়ান কাপের ড্রয়ে চার নম্বর পটে আছি। সেখানে কঠিন প্রতিপক্ষ পড়বে। এখানে আমরা যদি ভুটানকে হারাতে পারি, তাহলে এই ফলের ভিত্তিতে ডিসেম্বরে যে র্যাঙ্কিং হবে, সেখানে আমরা তিন নম্বর পটে উঠে আসতে পারি। অনেকেই বলেছেন, আমরা কেন কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলছি না, এটাই আসল উদ্দেশ্য যে ভুটানের বিপক্ষে খেলে র্যাঙ্কিংয়ে উন্নতি করে এএফসি কাপে ভালো করা। কোচ আছেন, তার সাথে ক্যাম্প করার ব্যাপারে কথা বলছি। এখন ভুটানের কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার পর ক্যাম্পের বিষয়টি চূড়ান্ত করা হবে।’








