তৃণমূল ফুটবলকে দেশব্যাপী ছড়িয়ে দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে ‘বাফুফে ফুটবল একাডেমি’ প্রতিষ্ঠা করা হয়েছে। ৮০ জন ক্ষুদে ফুটবলার নিয়ে বাফুফের নতুন এই একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শনিবার দুপুর ২টায় বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে বাফুফে ফুটবল একাডেমির উদ্বোধন করা হয়। ৮-১০ ও ১১-১৪ বয়সভিত্তিক পর্যায়ে দু’টি ভিন্ন গ্রুপে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি গ্রুপে ৪০ জন করে দু’টি গ্রুপে মোট ৮০ জন ফুটবলার ভর্তি করেছে বাফুফে।
ফুটবল একাডেমির ভেন্যু হিসেবে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফ এবং কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মাদ মোস্তফা কামাল স্টেডিয়াম মাঠ নির্ধারিত হয়েছে। অনাবাসিক ভিত্তিতে সপ্তাহে তিন দিন (বৃহস্পতিবার বিকেল ও শুক্র-শনি সকালে) অনুশীলন করবে ক্ষুদে ফুটবলাররা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ভূঁইয়া (মানিক), বাফুফে ফুটবল একাডেমির ব্রান্ড এ্যাম্বাসেডর ও নাট্য ব্যক্তিত্ব জাহিদ হাসান, বাফুফে সদস্য মহিদুর রহমান মিরাজ ও বাফুফে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ বাফুফে ডেভেলপমেন্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।







