ক্রমাগত খারাপ পারফরম্যান্সে টেবিলের শীর্ষস্থান থেকে দুইয়ে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। সবশেষ ওসাসুনার বিপক্ষে ড্র করেছিল দলটি। ওই ম্যাচে রেফারিকে বাজে কথা বলে লাল কার্ড দেখেছিলেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। এ ঘটনায় তাকে দুই ম্যাচ নিষিদ্ধ কয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
এ সিদ্ধান্তের জন্য স্প্যানিশ জায়ান্টরা আপিল করবে। দুই ম্যাচ নিষিদ্ধ হলে লিগে জিরোনা এবং রিয়াল বেটিসের বিপক্ষের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে পাওয়া যাবে না ২১ বর্ষী তারকাকে।
শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচের ৩৯ মিনিটে লাল কার্ড দেখান রেফারি লুইস মুনিয়েরা মন্টেরো। পরে বেলিংহ্যাম সংবাদ মাধ্যমে বলেছিলেন, ‘এটা স্পষ্ট যে, রেফারি একটা ভুল করেছেন, সেখানে যোগাযোগটা ঠিকঠাক হয়নি। ঘটনাটি আমার ভালোই মনে আছে এবং ভিডিওতেও ঘটনাটি আমি দেখেছি। ঘটনার সাথে রেফারির প্রতিবেদনের মিল নেই।’
‘আশা করছি ফুটেজগুলো আবারও দেখে বিবেচনা করা হবে। খেলার ফলাফল আমরা পরিবর্তন করতে পারব না, তবে আমার আশা এ ঘটনায় সামনের বিষয়গুলো আরও স্পষ্ট বোঝা যাবে।’
সংবাদমাধ্যমের প্রতিবেদনের পর স্প্যানিশ ফেডারেশন নিশ্চিত করেছে, রেফারি মুনিয়েরার সাথে একটি ব্যবসায়ী কোম্পানির যোগাযোগ আছে এ ধরণের প্রতিবেদনের সত্যতা জানতে তদন্ত করা হবে।







