সাইফ-ইয়াসিরের ফিফটি, হংকংকে হারিয়ে শুরু বাংলাদেশের

ছেলেদের এশিয়া কাপ রাইজিং স্টারসে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ-এ দল। ইকবাল হোসেন ইমনের দারুণ বোলিংয়ে হংকংকে আড়াইশর আগেই থামায় লাল-সবুজের দলটি। পরে সাইফ হাসানের ৮৬* এবং ইয়াসির আলি রাব্বির ৭১* রানে ভর করে ৮ উইকেটে জয় তুলে টাইগার-এ দল। টুর্নামেন্টের সব খেলা সরাসরি দেখাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।
কাতারের দোহায় টসে জিতে হংকংকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৯ রান তোলে দলটি। জবাবে ৯ ওভার হাতে রেখে জয়েরবন্দরে পৌঁছায় সাইফ হাসানের দল।
আগে ব্যাটে নামা হংকংয়ের হয়ে অংশী রথ সর্বোচ্চ ৭৭ রান করেন। ৮৭ বলের ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান করেন আইজাজ খান। শাহিদ ওয়াসিফ ১৭ রান করেন। বাকিদের কেউ ১০ রানের বেশি করতে পারেননি।
বাংলাদেশ পেসার ইকবাল হোসেন ইমন ৯ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নেন।
রানতাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পারভেজ হোসেন ইমন আউট হন দলীয় ২৩ রানে, ১২ রান করে। দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও শাহাদাত হোসেন দীপু যোগ করেন ৮৪ রান। দলীয় ১০৭ রানে শাহাদাত আউট হন। ৬ চার ও ১ ছক্কায় ৫৯ বলে ৪৩ রান করে।
এরপর সাইফ ও ইয়াসিরের ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ৪ চার ও ১ ছক্কায় ১১৬ বলে ৮৬ রানে সাইফ এবং ৩ চার ও ৫ ছক্কায় ৫১ বলে ৭১ রানে অপরাজিত থাকেন ইয়াসির।
হংকংয়ের হয়ে একটি করে উইকেট নেন আয়ুশ শুক্লা ও আতিক ইকবাল।






