আন্তর্জাতিক

অভিবাসী শ্রমে স্পেনের অর্থনীতির প্রবৃদ্ধি, ডানপন্থীদের উত্থানে শঙ্কায় বিনিয়োগকারীরা

অভিবাসী শ্রমে স্পেনের অর্থনীতির প্রবৃদ্ধি, ডানপন্থীদের উত্থানে শঙ্কায় বিনিয়োগকারীরা

মাদ্রিদে পিপি নেতা ফেইহোর নির্বাচনী প্রচারপত্র সংগ্রহ করছেন এক ব্যক্তি

অভিবাসীদের শ্রম ও অংশগ্রহণে স্পেনের অর্থনীতিকে ইউরোপের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।  তবে দেশটিতে আসন্ন নির্বাচনের পর ডানপন্থী সরকার ক্ষমতায় এলে অভিবাসন নীতিতে কঠোরতা আসতে পারে। এতে শ্রমবাজার সংকুচিত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদমাধ্যম রয়েটার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আগামী ২৯ নভেম্বর স্পেনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। জনমত জরিপে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট পার্টির চেয়ে এগিয়ে রয়েছে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি)। তবে সরকার গঠন করতে হলে দলটিকে অভিবাসনবিরোধী কট্টর ডানপন্থী দল ভক্সের সঙ্গে জোট করতে হতে পারে।

পিপি নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো শ্রমবাজারের চাহিদা পূরণে নির্বাচিত খাতে অভিবাসী কর্মী নেওয়ার পক্ষে থাকলেও ‘অনিয়ন্ত্রিত অভিবাসন’ বন্ধের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ভক্স অভিবাসীর সংখ্যা ব্যাপকভাবে কমানো, নতুন অভিবাসীদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া বন্ধ এবং অবৈধ অভিবাসীদের বহিষ্কারের পক্ষে।

আলকালা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক হোসে কার্লোস দিয়েজ বলেন, ভক্সের নীতিগত অবস্থান বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করছে। কারণ দলটি সরকারে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তার মতে, দলটির প্রস্তাবিত নীতিগুলো স্পেনের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে।

২০১৮ সালে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসীবান্ধব নীতিকে অর্থনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিয়েছে সানচেজ সরকার। বিদেশ থেকে কর্মী নিয়োগ, বিদেশি পেশাগত যোগ্যতার স্বীকৃতি এবং অভিবাসীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হয়েছে।

২০২২ সালের পর থেকে স্পেনে বিদেশি কর্মীর সংখ্যা ১২ লাখের বেশি বেড়েছে। দেশটির প্রায় পাঁচ কোটি জনসংখ্যার ১৪ শতাংশ বিদেশে জন্ম নেওয়া। সামাজিক নিরাপত্তা খাতে অবদান রাখা কর্মীদের হিসাবে শ্রমশক্তির ১৬ শতাংশের বেশি অভিবাসী।

স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির প্রায় অর্ধেক এসেছে অভিবাসীদের অবদান থেকে। একই সময়ে নতুন কর্মসংস্থান বৃদ্ধির দুই-তৃতীয়াংশের বেশি এসেছে বিদেশি কর্মীদের মাধ্যমে।

গত বছর স্পেনের অর্থনীতি ২ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে, যা ইউরোজোনের গড় প্রবৃদ্ধির প্রায় দ্বিগুণ। তবে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিলে এই প্রবৃদ্ধির গতি কমতে পারে বলে সতর্ক করেছে অক্সফোর্ড ইকোনমিকস ও বার্কলেস।

স্পেনের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী কার্লোস কুয়েরপোও সতর্ক করে বলেছেন, অভিবাসন নীতিতে কঠোরতা শ্রমবাজার দুর্বল করবে, ভোগব্যয় কমাবে এবং সরকারি রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস সংকুচিত করবে।

তবে অভিবাসীদের সংখ্যা বাড়লেও সাধারণ স্প্যানিশ নাগরিকদের বড় একটি অংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল পাচ্ছেন না। বিশেষ করে আবাসন সংকট ও মাথাপিছু আয় বৃদ্ধির ধীরগতি নিয়ে অসন্তোষ রয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে, অভিবাসননির্ভর কর্মসংস্থান বৃদ্ধির ফলে কম দক্ষতার কাজের বিস্তার ঘটেছে এবং উৎপাদনশীলতার উন্নতি প্রত্যাশার তুলনায় পিছিয়ে রয়েছে।

সব মিলিয়ে স্পেনের আগামী সরকার অভিবাসন নীতিতে কী ধরনের পরিবর্তন আনে, তার ওপর দেশটির শ্রমবাজার ও অর্থনীতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে।

বিষয়:অভিবাসী অর্থনীতি প্রবৃদ্ধি উত্থান ডানপন্থী বিনিয়োগকারী শঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…