বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের রাস্তায় দুই সুইডিশ ফুটবল সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে। আততায়ীরা নিজেদের আইএস জঙ্গি হিসেবে পরিচয় দিয়েছে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
ভিডিও বার্তায় হামলাকারী সেই জঙ্গি বলে, ‘আল্লাহু আকবর। আমার নাম আবদেসালেম আল গিলানি এবং আমি আল্লাহর একজন যোদ্ধা। আমি ইসলামিক স্টেট থেকে এসেছি। যে আমাদের ভালোবাসে আমরা তাকে ভালোবাসি এবং যারা আমাদের ঘৃণা করে তাকে আমরাও ঘৃণা করি। আমরা আমাদের ধর্মের জন্য বাঁচি এবং আমরা আমাদের ধর্মের জন্য মরতেও পারি।’
ইসরায়েলে হামাসের হামলার জেরে আমেরিকায় ৬ বছর বয়সি এক মুসলিম ফিলিস্তিনি-মার্কিন শিশুকে হত্যার ঘটনায় ‘উদ্বুদ্ধ’ হয়েই ওই জঙ্গী এই কাণ্ড ঘটিয়েছে বলেও ভিডিও বার্তায় জানায়।
ঘটনারসময় ব্রাসেলসে ইউরো ২০২৪-এর কোয়ালিফায়ারের ম্যাচে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম এবং সুইডেন। জঙ্গি হামলার গুঞ্জনের মাঝে প্রথমে ম্যাচটি স্থগিত করা হয়। পরে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। এই আবহে ব্রাসেলসের নিরাপত্তা বৃদ্ধি করা হয়। সতর্কতা জারি করা হয়। 
প্রতিবেদন অনুসারে, দুই সুইডিশ ফুটবল সমর্থকের খুন হওয়ার ঘটনায় বিচলিত হয়ে পড়েন সুইডেনের ফুটবলাররা। হাইফটাইমে ঘটনার বিষয়ে জানতে পারেন তারা। এই আবহে দ্বিতীয়ার্ধ্বে তারা ম্যাচ খেলতে চাননি। এদিকে বিষয়টির গুরুত্ব বুঝতে পারেন বেলজিয়ামের ফুটবলাররাও। পরে উভয়দলের ফুটবলারদের চাওয়া অনুসারে বাতিল হয় ম্যাচটি।
এদিকে ঘটনার পরই সুইডিশ সমর্থকদের মাঠ ছেড়ে যেতে বারণ করা হয়। রাস্তায় বের হলে তাদের ওপর আবার হামলার আশঙ্কা করা হচ্ছিল। এই পরিস্থিতিতে স্টেডিয়ামেই কড়া নিরাপত্তায় সুইডিশ সমর্থকদের রাখা হয়েছিল। পরে স্থানীয় পুলিশের সবুজ সংকেত মিললে সুইডিশ সমর্থকদের স্টেডিয়াম থেকে ধীরে ধীরে বের করে আনা হয়। এদিকে এই ঘটনায় স্বভাবতই আতঙ্কিত ছিলেন সুইডিশ ফুটবলপ্রেমীরা। অনেককেই স্টেডিয়ামের মধ্যেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। খেলা দেখতে এসে এহেন পরিস্থিতিতে পড়ে স্তম্ভিত হয়ে পড়েন অনেকেই।







