ফুটবল

রাফিনহা হ্যাটট্রিকে রিয়াল থেকে ৬ পয়েন্টে এগিয়ে গেল বার্সা

রাফিনহা হ্যাটট্রিকে রিয়াল থেকে ৬ পয়েন্টে এগিয়ে গেল বার্সা

লা লিগায় আরও একটি দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। দেপোর্তিভো লা করুনা বিপক্ষে ৪-১ গোলের বড় জয় তুলেছে টেবিল টপাররা। হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা দিয়াস। একটি করে গোল করেছেন লামিন ইয়ামাল ও ডানি ওলমো। দেপোর্তিভো লা করুনার হয়ে একটি গোল করেছেন পিয়েরে এমেরিক আবামেয়াং।

লা লিগায় দেপোর্তিভোর ঘরের মাঠ এস্তাদিও আবানকা-রিয়াজোরে শুরু থেকেই এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয় মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন ফরোয়ার্ড লামিন ইয়ামাল, ১-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে সাত মিনিট পর ম্যাচে সমতা আনেন দেপোর্তিভোর ফরোয়ার্ড পিয়েরে এমেরিক আবামেয়াং। ২০ মিনিটের সময় আরেকটি গোল করে বার্সা। এবার গোল করেন ডানি ওলমো। বার্সা ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পর শুরু হয় রাফিনহা শো। ৫০তম মিনিটে বার্সেলোনার তৃতীয় এবং রাফিনহার প্রথম গোল করেন। পরবর্তী সময়ে কোনো দলই আর গোল পাচ্ছিলো না। তবে খেলা প্রায় শেষের দিকে ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনহা। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এ ব্রাজিলিয়ান তারকা।

এ জয়ে টেবিলে রিয়াল মাদ্রিদ থেকে ছয় পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা। ১৪ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট তুলে টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ১৪ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট তুলে টেবিলের দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে সমান ১৪ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট তুলে তিনে রিয়াল মাদ্রিদ।

গোলের তালিকায়ও সবার উপরে বার্সেলোনা অধিনায়ক রাফিনহা। ১৩ ম্যাচ খেলে ১৮ গোল নিয়ে সবার উপরে ব্রাজিলিয়ান তারকা। তার সাথে আছে আরও তিনটি অ্যাসিস্ট। অন্যদিকে ১৪ ম্যাচে সমান ১৪ গোল করে দুইয়ে রিয়াল ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। সঙ্গে তার নামের পাশে আছে আরও তিনটি অ্যাসিস্ট।

বিষয়:ইয়ামাল দেপোর্তিভো বার্সেলোনা ব্রাজিল রাফিনহা রিয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…