জনপদ

সাতক্ষীরায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে চার কুকুর ছানার মৃত্যু

সাতক্ষীরায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে চার কুকুর ছানার মৃত্যু

সংগৃহীত

সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে চারটি কুকুরছানার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুটি ছানা। মর্মান্তিক এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শীতকালে গাড়ি চালানোর সময় প্রাণীদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও প্রাণীপ্রেমীরা।

রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের পোস্ট অফিস চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা সরকারি কলেজের দিক থেকে আসা একটি কালো রঙের ব্যক্তিগত গাড়ি পোস্ট অফিস চত্বরে প্রবেশ করে। এ সময় সেখানে সাতটি ছানা নিয়ে ঘুমিয়ে ছিল একটি মা কুকুর। চালক বিষয়টি খেয়াল না করায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চারটি ছানার মৃত্যু হয়। বেঁচে যাওয়া তিনটি ছানার মধ্যে দুটি আহত হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় গাড়ির চালকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

সাতক্ষীরা পোস্ট অফিসের পোস্টমাস্টার দেবাশীষ কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালকের অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটেছে। গাড়ির মালিকের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হচ্ছে।

সাতক্ষীরা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মনির উদ্দিন বলেন, চালকের অসাবধানতায় নিরীহ প্রাণীগুলোর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। গাড়ি চালানোর আগে আশপাশে কিংবা চাকার নিচে কোনো প্রাণী রয়েছে কি না, তা দেখে নেওয়া উচিত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরিবেশকর্মী সাকিবুর রহমান বাবলা বলেন, শীতের শুরুতে উষ্ণতা ও নিরাপদ আশ্রয়ের খোঁজে কুকুর-বিড়ালসহ বিভিন্ন প্রাণী গাড়ির নিচে কিংবা পার্কিং এলাকায় অবস্থান নেয়। বিশেষ করে মা কুকুরগুলো তাদের ছানাদের নিয়ে নিরাপদ আশ্রয় খোঁজে। এ কারণে শীতকালে গাড়ি চালানোর আগে চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

প্রাণীদের প্রতি একটু সচেতনতা ও মানবিক আচরণই এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পারে বলে মনে করেন পরিবেশকর্মীরা।

বিষয়:কুকুর ছানার মৃত্যু গাড়ির চাকায় পিষ্ট পোস্ট অফিস চত্বর সাতক্ষীরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…