জনপদ

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে বেগুনবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং একই এলাকার রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।

স্থানীয়রা জানান, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে ইসলামপুর থেকে একটি মোটরসাইকেল দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

পরে স্থানীয়রা আহত সোহেলকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুরে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার করা হয়েছিল।

দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি ঘটনাস্থলে উল্টে পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি প্রয়োজনীয় পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…