শিক্ষা

প্রজন্মের সংলাপ ও অনুপ্রেরণার গল্পে শেষ হলো ‘কার্নিভাল অফ চেঞ্জ’

প্রজন্মের সংলাপ ও অনুপ্রেরণার গল্পে শেষ হলো ‘কার্নিভাল অফ চেঞ্জ’

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, প্রজন্মের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সহমর্মিতা এবং প্রতিকূলতা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণামূলক গল্পের মধ্য দিয়ে শেষ হয়েছে ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের দুই দিনব্যাপী ‘কার্নিভাল অফ চেঞ্জ ২০২৬’।

প্রজন্মের সংলাপ ও অনুপ্রেরণার গল্পে শেষ হলো ‘কার্নিভাল অফ চেঞ্জ’

রোববার (২৯ নভেম্বর) সকালে মানসিক ও শারীরিক সুস্থতায় যোগব্যায়াম চর্চার মধ্য দিয়ে উৎসবের শেষ দিনের কার্যক্রম শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় ‘সুন্দর এক ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রজন্ম থেকে প্রজন্মে সেতুবন্ধন’ শীর্ষক সংলাপ।

এতে বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান বীর প্রতীক, মানবাধিকারকর্মী ও নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন হক, দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী এবং আমরা নতুন নেটওয়ার্কের অ্যালামনাই আবদুল্লাহ আল আবিদ। সংলাপটি সঞ্চালনা করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে জামিল ডি আহসান বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্নে ছাত্র-জনতা, সশস্ত্র বাহিনী ও কৃষকসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধ এই জাতির শ্রেষ্ঠ অর্জন।

শিরীন হক বলেন, মুক্তিযুদ্ধ ছিল একটি গণযুদ্ধ। তবে মুক্তিযুদ্ধ ও পরবর্তী বিভিন্ন আন্দোলনে নারীদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া হয়নি। নারীদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে হবে। এ সময় তরুণদের নিজ নিজ এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান তিনি।

শাহেদ মোহাম্মদ আলী মতপ্রকাশের স্বাধীনতা এবং সহনশীল সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তরুণদের বই পড়ার আহ্বান জানান।

সংলাপে বক্তারা ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, নাগরিক দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। প্রজন্মগত পার্থক্যকে বিভাজনের পরিবর্তে পারস্পরিক শিক্ষা ও সহযোগিতার সুযোগ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

দিনের শেষ ভাগে সহমর্মিতা ও সামাজিক পরিবর্তন নিয়ে বক্তব্য দেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস। বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী পর্বতারোহী নিশাত মজুমদার নানা প্রতিকূলতা পেরিয়ে লক্ষ্য অর্জনের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা ও দৃঢ় সংকল্পের গুরুত্ব নিয়ে কথা বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জুনায়েদ।

এ ছাড়া তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ জয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুশতাক ইবনে আইয়ুব। প্রচলিত ধারার বাইরে নিজেদের পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন কার্টুনিস্ট মেহেদী হক, সাংবাদিক জাইমা ইসলাম ও ইফতেখার সায়েম।

বিকেলে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক সাফি রহমান খান।

এবারের আয়োজনে ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য মনোনীত ১০টি উদ্যোগের মধ্য থেকে তিনটিকে পুরস্কৃত করা হয়। শনিবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্‌।

প্রজন্মের সংলাপ ও অনুপ্রেরণার গল্পে শেষ হলো ‘কার্নিভাল অফ চেঞ্জ’

পুরস্কারপ্রাপ্ত উদ্যোগগুলো হলো চা-বাগানের জনগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ‘টি কমিউনিটি কালচার প্রিজারভেশন’, ওষুধের দায়িত্বশীল ব্যবহার ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতা তৈরিতে ‘কানন’ এবং আখের বর্জ্য থেকে পরিবেশবান্ধব পণ্য তৈরি ও জীবিকার সুযোগ সৃষ্টিতে ‘শুন্য’। বিজয়ীরা ব্র্যাকের সোশ্যাল এন্টারপ্রেনার্স ফেলোশিপ পাচ্ছেন।

২০১৮ সালে যাত্রা শুরু করা ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ বর্তমানে দেশের ২৫টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়পড়ুয়া ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের জীবনদক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করাই এ উদ্যোগের লক্ষ্য। নেটওয়ার্কটির তরুণরা ইতোমধ্যে ৪৭৫টির বেশি কমিউনিটি প্রকল্প বাস্তবায়ন করেছেন।

বিষয়:অনুপ্রেরণার গল্প কার্নিভাল অফ চেঞ্জ প্রজন্ম সংলাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…