মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভালো শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে হারিয়ে আসরে শুভ সূচনা করলেও বেশকিছু ভুল করেছিল লাল-সবুজের দলটি। বাংলাদেশের পরের ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে। ম্যাচে আর কোন ভুল করতে চায় না বাংলাদেশ।
ভারত ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিডিও বার্তায় আশার কথা বলেছেন ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। বলেছেন, ‘আমাদের দলের সবাই সুস্থ আছে, ভালো আছে। কয়েকজনের টুকটাক চোট আছে। আশা করি আজ বা কালকের মধ্যে সেরে যাবে।’
‘আমাদের একটি ম্যাচ আছে ভারতের সাথে, গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা ভুটানের সাথে যে ভুলগুলো করছি, কালকে চেষ্টা করব সেই ভুলগুলো যেন না হয়। ওরা বেশ ভালো প্রতিপক্ষ। আমাদের সবার একটাই লক্ষ্য এখানে জয় নিয়ে ফিরব। আমরা বাংলাদেশে শিরোপা নিয়ে ফিরব, ইনশাআল্লাহ।’
প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ। দুই গোল করেন ফরোয়ার্ড আলপি আক্তার, একটি গোল করেছিলেন সুরভী আকন্দ প্রীতি। প্রথম ম্যাচের জয় নিয়ে টেবিলের দুইয়ে আছে কোচ মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা।







