ক্রিকেট

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না সাউথ আফ্রিকা

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না সাউথ আফ্রিকা

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাউথ আফ্রিকা। ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা প্রোটিয়াদের সামনে এবার প্রতিপক্ষ বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার আগে টাইগারদের মোটেও হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকরা। বরং বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সকে বিবেচনায় নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে তারা।

সিরিজ সামনে রেখে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন সাউথ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো প্রতিপক্ষকেই সহজ ভাবার সুযোগ নেই। প্রতিটি সিরিজেই থাকে অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ।

বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজকেই নিশ্চিত ধরে নেওয়া যায় না। প্রতিটি ম্যাচেই ঝুঁকি থাকে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের খেলার ধরন বিবেচনায় তারা বেশ আত্মবিশ্বাসী থাকবে। বিষয়টি সত্যিই রোমাঞ্চকর। আপনি সবসময় সেরা প্রতিপক্ষের মুখোমুখি হতে চাইবেন।’

বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন জানিয়ে এই পেসার আরও বলেন, ‘আমার মনে হয়, তারা এখানে এসে নিজেদের প্রমাণ করতে চাইবে। আমি সত্যিই এই লড়াইয়ের অপেক্ষায় আছি। এমন প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেটের জন্য ইতিবাচক।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর সাউথ আফ্রিকার মুখোমুখি হবে তারা। তবে এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে টাইগাররা। বাংলাদেশের সেই পারফরম্যান্সও নজরে রেখেছে প্রোটিয়া শিবির।

অন্যদিকে, বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকার সামনে এই সিরিজের গুরুত্ব অনেক বেশি। ফাইনালে ওঠার দৌড়ে শীর্ষ দুইয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে বাংলাদেশের বিপক্ষে ভালো ফল চায় তারা। তবে প্রতিপক্ষকে ছোট করে দেখার কোনো সুযোগ দিতে চান না রাবাদা।

আত্মতুষ্টি থেকে সতীর্থদের দূরে থাকার পরামর্শ দিয়ে বলেছেন, ‘এটা মানুষের স্বাভাবিক প্রবণতা। অতীতেও আমরা এমন পরিস্থিতিতে পড়েছি, যখন হয়তো আত্মতুষ্টিতে ভুগেছি। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে এবং খেলার তীব্রতায় কোনো ঘাটতি রাখা যাবে না।’

ফলাফলের চেয়ে নিজেদের খেলার ধরন ও মান ধরে রাখাই আপাতত সাউথ আফ্রিকার মূল লক্ষ্য। বলেছেন, ‘আমরা এখন ফলাফল নিয়ে ভাবছি না। বরং কীভাবে খেলতে চাই, সেটিতেই মনোযোগ দিচ্ছি। গত দুই বছর ধরে আমরা এভাবেই খেলে আসছি। জয়ের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামি এবং প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার চেষ্টা করি। এবারও আমাদের পরিকল্পনা একই।’

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্টে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজে স্বাগতিকদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে নিজেদের অবস্থান আরও শক্ত করা। অন্যদিকে, কঠিন কন্ডিশনে ভালো কিছু করে দেখানোর চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের সামনে।

বিষয়:জোহানেসবার্গ টেস্ট বাংলাদেশ রাবাদা সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…