ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে রোনানকে পাচ্ছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে রোনানকে পাচ্ছে বাংলাদেশ

কাগজে-কলমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নানা অনিশ্চয়তা ও শঙ্কা ছিল সাফ চ্যাম্পিয়নশিপে বেশ কয়েকজন খেলোয়াড়কে পাওয়া নিয়ে। তাদের মধ্যে অন্যতম ছিলেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী স্ট্রাইকার রোনান বেঞ্জামিন সুলিভান। সব শঙ্কা দূর হয়েছে, সাফে রোনানকে পাচ্ছে বাংলাদেশ। এমন তথ্য জানা যাচ্ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে। 

বিষয়টি আরও নিশ্চিত করেছেন বাফুফের মার্কেটিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি ফাহাদ করিম। ভিডিওবার্তায় তিনি জানিয়েছেন, ‘আজকেই সে (রোনান) আমাকে নিশ্চিত করেছে যে, আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়। আমরা তাকেই স্কোয়াডে রাখব।’

গত বছরের এপ্রিলে মালদ্বীপের মালেতে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আসরে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয়ে দুটি গোল করেছিলেন রোনান। ভারতের বিপক্ষে ফাইনালেও টাইব্রেকারে গোল করে দলের শিরোপা জয়ে ভূমিকা রাখেন তরুণ ফরোয়ার্ড।

সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর আগামী ৫-১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে। ছয় দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপপর্ব শেষে ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর ফাইনাল হবে।

বিষয়:ফাহাদ বাংলাদেশ ভুটান রোনান শ্রীলঙ্কা সাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…