সত্যিই কি ৪৫০ কোটি রুপিতে ওটিটিতে বিক্রি হয়েছে ‘রামায়ণ’?
কী বললেন প্রযোজক?

রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর ওটিটি স্বত্ব ৪৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়েছিল। তবে এ খবর নাকচ করেছেন সিনেমাটির প্রযোজক নমিত মালহোত্রা। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে এ বিষয়ে চুক্তি করেননি তারা।
সম্প্রতি ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটির ডিজিটাল মুক্তি নিয়ে কথা বলেন নমিত। তিনি জানান, আপাতত সিনেমাটি ওটিটিতে মুক্তির কোনো পরিকল্পনা নেই। বরং দর্শককে প্রেক্ষাগৃহে বড় পর্দায় সিনেমাটির দৃশ্য ও সংগীত উপভোগ করার সুযোগ দিতে চান তারা।
নমিত বলেন, ‘আমি চেয়েছিলাম দর্শক বড় পর্দায় সিনেমাটি দেখুন, এর সংগীত ও দৃশ্য উপভোগ করুন। ওটিটিতে মুক্তি পেতে আরও কয়েক মাস সময় লাগবে। এখনই এ নিয়ে কোনো পরিকল্পনা নেই।’
ওটিটি স্বত্ব বিক্রির খবর প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি এখন পর্যন্ত কারও কাছে ওটিটি স্বত্ব বিক্রি করিনি। আমার বিশ্বাস, দর্শকদের আগে প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করা উচিত। যখন ওটিটিতে আসার সময় হবে, তখন আসবে। তবে এখন কোনো প্ল্যাটফর্মের সঙ্গে আমার চুক্তি হয়নি। আজ, কাল কিংবা পরশু চুক্তি করারও কোনো পরিকল্পনা নেই।’
‘রামায়ণ’-এর প্রথম পর্বে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতা চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। সিনেমাটি ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
এদিকে সিনেমাটির দ্বিতীয় পর্বের মুক্তির সময়সূচিতেও পরিবর্তন এসেছে। আগে ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা থাকলেও এখন ২০২৮ সালে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে দ্বিতীয় পর্বটির। এতে হনুমান চরিত্রে অভিনয় করবেন সানি দেওল। এনডিটিভি





