টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ নিয়ে ১৭তম বার এমন ঘটনা দেখল বিশ্ব। যে, প্রথমে ইনিংস ঘোষণার পর পরাজয়ের মুখ দেখল কোনো দল। পাকিস্তান রাওয়ালপিন্ডিতে প্রথমে ইনিংস ঘোষণার পর বাংলাদেশের বোলারদের চাপে দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেনি। ম্যাচ জয়ের পর ঠিক সেই কথাটি বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বোলারদের কৃতিত্ব দিয়ে শান্ত বলেছেন, ‘এমন জয়ের সব কৃতিত্ব বোলারদের দিতে হবে। পেসাররা নতুন বলে খুব ভালো বল করেছে এবং আমাদের দুজন স্পিনারই বেশ অভিজ্ঞ ছিল। সব বোলারই এ জয়ে অবদান রেখেছে।’
‘আমরা সাকিবকে সবাই জানি, কত অভিজ্ঞ একজন খেলোয়াড় সে। মিরাজ অনেকগুলো টেস্ট ম্যাচ খেলেছে এবং সে জানে কীভাবে লাইনলেন্থ ঠিক রাখতে হয়। তারা দুজন দীর্ঘসময় সঠিক জায়গায় বল করতে সক্ষম হয়েছে।’
ব্যাটার সাদমানকে নিয়ে শান্ত বললেন, ‘অসাধারণ একজন ব্যাটার। দীর্ঘসময় পর ওপেনিংয়ে ব্যাট করতে নামা বেশ কঠিন, বিশেষত যখন দীর্ঘ সংস্করণের ম্যাচ হয়। প্রথম ইনিংসের ১২ ওভার সাদমান এবং জাকির খুব ভালো ব্যাটিং করেছে। যাতে পরেরদিন আমাদের ভালোভাবে ব্যাট করতে সুবিধা হয়েছে।’
রাওয়ালপিন্ডিতে রোববার পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রান আসে মুশফিকের ব্যাটে। তাতে ভর করে পাকিস্তানের করা ৪৪৮ রান টপকে বাংলাদেশ ১১৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা কেবল ১৪৬ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০ রানের। আইসিসি চেষ্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজের প্রথমটি জিতে এগিয়ে গেল শান্তর দল।







