সেপ্টেম্বরে উজবেকিস্তানে হবে ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ ফুটবলের বাছাইপর্ব। আসরের জন্য পুরোদমে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। বাছাইপর্ব পেরোনোর জন্য দারুণ আত্মবিশ্বাসী কোচ জেরার্ড জোন্স।
যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে চলছে ক্যাম্প। রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জোন্স বললেন, ‘আমাদের সবকিছুই বেশ ভালো দেখাচ্ছে। এই মুহূর্তে স্কোয়াডে, অনুর্ধ্ব-২০ দলের সাথে আসা শেষ খেলোয়াড় হল অ্যাডাম। আমরা চারটি প্রীতি ম্যাচ খেলতে পেরেছি, যা খুব চমৎকার ছিল। ভালো প্রস্তুতি হয়েছে। প্রতিটি দল আমাদের ভিন্ন কিছু অভিজ্ঞতা দিয়েছে।’
‘তারা চাপের সাথে মানিয়ে নেয়ার, শারীরিক প্রতিদ্বন্দ্বিতা, সরাসরি খেলা এবং পজিশন পরিবর্তন করে খেলে এমন দলগুলোর বিরুদ্ধে খেলার সুযোগ দিয়েছে। তাই প্রস্তুতি দারুণ হয়েছে এবং আগামী প্রতিযোগিতার জন্য খুবই রোমাঞ্চিত।’
এশিয়ান কাপের বাছাইপর্ব পেরোনোর ব্যাপারে জোন্স বললেন, ‘আমি খুশি, আত্মবিশ্বাসী এবং সবকিছু ঠিক আছে। এখন আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ তা হল, খেলোয়াড়দের সমর্থন করতে হবে। আমরা যা-ই করি না কেন, তা যেন উৎসাহব্যঞ্জক এবং ইতিবাচক হয়। আমাদের খুব ভালো একটি সুযোগ রয়েছে এবং আত্মবিশ্বাসী যে দেশকে গর্বিত করব। আমাদের যা কিছু আছে তার সবটুকু দিয়ে চেষ্টা করব।’
‘উন্নতির পাশাপাশি কৌশলগত এবং ট্যাকটিক্যাল কিছু কাজ আমরা করেছি। আর খেলোয়াড়দের নিয়ে সত্যিই আত্মবিশ্বাসী। এপর্যন্ত প্রস্তুতি যেভাবে চলছে, তা নিয়ে খুবই রোমাঞ্চিত। আমাদের অসাধারণ একটি প্রাক-মৌসুম প্রস্তুতি হয়েছে। অনেক খেলোয়াড়কে মূল্যায়ন করতে পেরেছি। কেবল এই প্রতিযোগিতার জন্যই নয়, বরং পরবর্তীর জন্যও পরিকল্পনা তৈরি করেছি।’
আসরে বাংলাদেশ ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপে অন্যরা হল উজবেকিস্তান, সিরিয়া এবং ভারত। ৩১ আগস্ট উজবেকিস্তানের ম্যাচ দিয়ে বাংলাদেশের আসর শুরু হবে।








