ফুটবল

বাংলাদেশ সাফ জিতলে সরকার থেকে ‘সর্বোচ্চ’ পুরস্কার থাকবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ সাফ জিতলে সরকার থেকে ‘সর্বোচ্চ’ পুরস্কার থাকবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

এ সপ্তাহেই বাংলাদেশে বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। এ আসরের অন্যতম ফেভারিট স্বাগতিক বাংলাদেশ দল। এই দলটি যদি দীর্ঘ দিন পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে পারে তাহলে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কার দেয়া হবে। বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী ও ২০০৩ সাফজয়ী গোলরক্ষক আমিনুল হক এমন ঘোষণা দিয়েছেন।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ২০০৩ সালের সাফজয়ী ও ২০১০ সালের এসএ গেমস জয়ী দলের প্রীতি ম্যাচের পর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘প্রথমত হচ্ছে যে, আপনারা সবাই জানেন বাংলাদেশের ইতিহাসে, আমাদের ফুটবলের যে সেরা সাফল্যগুলো রয়েছে, তার ভিতরে অন্যতম হচ্ছে ৯৯ এসএ গেমসে স্বর্ণপদক পেয়েছিল। ২০০৩ সালে বাংলাদেশের প্রথম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আমরা অর্জন করেছিলাম এবং ২০১০ সালে সর্বশেষ আমরা এসএ গেমসে স্বর্ণ পদক পেয়েছিলাম।’

আমাদের ২০০৩ সালের চ্যাম্পিয়ন দল এবং ২০১০ সালের এসএ গেমস দলের সৌভাগ্যবান সদস্য হিসেবে আমি দুটি টিমে ছিলাম। ২০০৩ সালের দলে গোলকিপার হিসেবে পারফর্ম করেছি এবং ২০১০ সালের সালের দল যেটা স্বর্ণ পদক পেয়েছিল সেখানে দলীয় অধিনায়ক হিসেবে আমরা আমি পারফর্ম করেছিলাম।’

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ দলকে উৎসাহিত করতে এ প্রীতি ম্যাচ উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘আগামী ৫ই নভেম্বর আমাদের যে সাফ চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে, বাংলাদেশ দলের যে খেলা শুরু হচ্ছে আমরা সেই দলকে শুভকামনা জানাতে এবং বাংলাদেশ দলকে উৎসাহিত করতেই আজকে ২০০৩ এবং ২০১০ এর দুই চ্যাম্পিয়ন দলের একটি প্রদর্শনী ম্যাচ খেলেছি। যেহেতু আমি দুটি দলেরই সদস্য ছিলাম সেই ক্ষেত্রে দুই দলেই আমি ভাগ করে খেলেছি। এখানে জয়-পরাজয় বড় বিষয় না।’

সাফ চ্যাম্পিয়নশিপ জিতলে বাংলাদেশ দলের জন্য পুরস্কার ঘোষণা করে সাবেক অধিনায়ক আমিনুল বলেন, ‘আমি মনে করি ২০০৩ সালের চ্যাম্পিয়ন দলের প্রতিশ্রুতি ছিল, ২০১০ সালের চ্যাম্পিয়ন দলেরও প্রতিশ্রুতি ছিল। আমরা আশা করি বাংলাদেশ দল, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে সাফ চ্যাম্পিয়নশিপের খরায় ভুগছে, আশা করছি ঢাকার মাটিতে অনুষ্ঠিত সেই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আবারও সর্বোচ্চ ফেভারিট হয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করবে। সেই শুভকামনা বাংলাদেশ দলের প্রতি রইল।’

আশা করছি বাংলাদেশ দল যদি চ্যাম্পিয়নশিপ অর্জন করে, ইনশাআল্লাহ বাংলাদেশ দলের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে একটি সর্বোচ্চ উপহার থাকবে। সেই উপহারটুকুর অপেক্ষায় আপনারা থাকেন। আমরা আশা করছি যে, বাংলাদেশ দল ঢাকার মাটিতে, নিজের মাটিতে তাদের যে প্রতিশ্রুতি, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা সর্বোচ্চটুকু দিয়ে খেলবে।’

বিষয়:আমিনুল এসএ গেমস জাতীয় স্টেডিয়াম ঢাকা বাংলাদেশ সাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…