ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. হামিদুর রহমান।
বুধবার ৭ অক্টোবর বাংলাদেশের হাইকমিশন, নয়াদিল্লির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়েছে, নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্বকাল শেষ হওয়ায় তিনি এ বিদায়ী সাক্ষাৎ করেন।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় দুই দেশের সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন।
দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বিভিন্ন ধরনের যোগাযোগ ও সম্পর্কের গুরুত্বের বিষয়েও তারা একমত হন। অভিন্ন স্বার্থে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্থবহ ও কার্যকর সহযোগিতা আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।






