বিনোদন

‘অনেক ভেবেচিন্তে’ বিচ্ছেদের পথে প্রীতম-শাহতাজ

‘অনেক ভেবেচিন্তে’ বিচ্ছেদের পথে প্রীতম-শাহতাজ

বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শাহতাজ মুনিরা হাসেম। নিজেদের দীর্ঘ পথচলার পর পারস্পরিক বোঝাপড়ায় বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

রবিবার (৪ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে দেওয়া পৃথক পোস্টে বিচ্ছেদের বিষয়টি জানিয়েছেন প্রীতম ও শাহতাজ। একই বক্তব্যে তারা জানান, হঠাৎ করে নয়, অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

বিবৃতিতে প্রীতম ও শাহতাজ বলেন, ‘আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

তারা আরও বলেন, একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া দুজনের জন্যই ভালো হবে।

বিবৃতিতে আরও বলা হয়, “এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি।”

বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন জানিয়ে দুজনই জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

এই পরিবর্তনের সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শাহতাজ। বিষয়টি তাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করার আহ্বানও জানিয়েছেন তারা।

প্রায় এক দশকের সম্পর্ক ছিল প্রীতম ও শাহতাজের। ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তাদের সম্পর্কের শুরু। ওই গানে মডেল হিসেবে ছিলেন শাহতাজ। কাজের সূত্রে পরিচয় থেকে একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা।

২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন প্রীতম ও শাহতাজ।

শাহতাজ পরিচিতি পান ধ্রুব গুহর ‘শুধু তোমার জন্য’ গানের মিউজিক ভিডিওতে কাজ করে। সেখানে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা সিয়াম আহমেদ। পরে উপস্থাপনা ও অভিনয়েও দেখা গেছে তাকে।

অন্যদিকে প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান গান ও অভিনয়- দুই মাধ্যমেই পরিচিত। লোকাল বাস, বেয়াইন সাব, খোকা থেকে শুরু করে দুষ্টু কোকিল, চাঁদ মামা, জ্বালা জ্বালাসহ বেশ কিছু গানের মাধ্যমে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয়েও নিয়মিত দেখা যাচ্ছে তাকে।

দাম্পত্য সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়ে দেওয়া যৌথ বিবৃতির শেষ দিকে প্রীতম ও শাহতাজ বলেন, ‘সবসময় পাশে থাকা এবং আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

বিষয়:অভিনয় গান প্রীতম হাসান শাহতাজ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…